দেশ

স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য দর্শনে স্কুলের ছাত্রছাত্রীরা

আনোয়ার আলি আনসারী
০৩ নভে ২০২৬, ০৫:২৪ অপরাহ্ণ
Zero Point News
খবরের ছবি

 সরকারি আদেশ অনুসারে (বর্তমানে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির সাথে রাজ্য সরকার হাত মেলানোয়) রাজ্যের বিদ্যালয় গুলিতে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির  সংখ্যা বেড়ে চলেছে। তেমনি বর্তমানে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে সেবা সংকল্প মহা অভিযান পর্ব চলছে ১৭ই সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ৮ ই অক্টোবর ২০২৬ পর্যন্ত । এখানে বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচির কথা বলা হয়েছে ।তেমনি একটি কর্মসূচি "ভোকাল ফর লোকাল" এর অঙ্গ হিসাবে গন্তার বি এম হাই স্কুল স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য দর্শনে ছেলেমেয়েদের নিয়ে যান মেমারি থানার অন্তর্গত গ্রাম দেবীপুর এর লক্ষ্মী জনার্দন মন্দির ,দোল মঞ্চ সহ জোড়া শিব মন্দির এবং পুরাতন জমিদার বাড়ি দর্শনে। শিক্ষক শিক্ষিকাগণ পর্যবেক্ষণের মাধ্যমে তাদের ইতিহাস, মূল্যায়ন ও সমীক্ষার কাজ করেন শিক্ষার্থীদের নিয়ে। নেতৃত্ব দেন CCRT প্রশিক্ষিত শিক্ষক শেখ নুরুল হুদা। তিনি জানান, " স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য কে জানলে তাদের প্রতি আকর্ষণ বাড়বে এবং সেগুলি নিয়ে ইতিহাস চর্চার দিকে তারা মন দেবে যার মাধ্যমে সংস্কৃতি , প্রচলিত প্রথা ,পরম্পরা , পুরনো ইতিহাসের প্রতি শ্রদ্ধা বাড়বে। দেশের স্থাপত্য গুলির ইতিহাস ও ঐতিহ্য জানার মাধ্যমে দেশেপ্রেম জাগবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কিওলজি ও তাদের কাজ সম্পর্কে জানবে । 

বাংলায় যে উড়িষ্যা ধাঁচের রেখ দেউল গুলো রয়েছে তাদের গঠনশৈলী এবং সেখানে টেরাকোটার কাজ এবং তাদের গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি, কখনো রামায়ণ মহাভারতের কাহিনী ,কিভাবে শিল্পীরা তৈরি করেছেন, মন্দিরগুলি কতদিন আগেকার তৈরি, বর্তমান কি অবস্থায় রয়েছে এবং কিভাবে এগুলোকে রক্ষা করা যায়, সেই বিষয় নিয়ে তাদের মধ্যে চিন্তা উদ্রেক হবে।এখানে এসে জমিদার বাড়ির সদস্যদের সাথে কথা বলে শিক্ষার্থীরা জানল যে লক্ষী জনার্দন মন্দিরটিতে যে টেরাকোটার কাজ রয়েছে তার মাটি এবং জল সম্পূর্ণটাই তৎকালীন জমিদাররা কালনার গঙ্গা থেকে এনে করিয়েছেন।দেবীপুরের সিংহ জমিদার পরিবারের নরোত্তম সিংহ ১৮৩৩ সালে বর্ধমানের দেওয়ান বনবিহারী কাপুরের কাছ থেকে জমি ক্রয় করে সেখানে পরিবারের কুলদেবতা লক্ষ্মী-জনার্দনের মন্দির নির্মাণ করেন; মন্দিরটি ১৮৪৪ সালে সম্পূর্ণ হয়।"

মূলত নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রী দের নিয়ে যান। চারজন শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী মিলে এই সমীক্ষার কাজ করেন। তাই শুধু বইয়ের পাতায় ইতিহাস পড়লেই হবে না স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য দর্শনের মাধ্যমে ইতিহাস বিষয়টি ও সংস্কৃতি, ঐতিহ্য ,সমাজ, দেশ এগুলোর প্রতি ভক্তি বাড়াতে এই ধরনের ভ্রমণের প্রয়োজনীয়তা রয়েছে বলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ মনে করেন। একদিকে শিক্ষক নির্মল হালদার, শিক্ষিকা মৌমিতা মুন্সী, সোনালী ঘোষ যেমন খুশি হন, তেমনই শিক্ষার্থী বর্ষা কুমারী যাদব, নুসরাত পারভীন, মোল্লা হিনা, অন্বেষা চৌধুরী, প্রেম সর্দার , কৌস্তভ বাগরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অমৃতা অধিকারী ও স্বাধীন মালিক বলেন," এই ভাবে মন্দির ও "পুরানো বাড়ী কোনোদিন পর্যবেক্ষণ করিনি, আগামীতে আরও এমন ভ্রমণে যেতে চাই।

এই খবর শেয়ার করুন: