খেলা

ফুটবলের মহারণে উত্তাল শ্যামনগর, দর্শকদের উপচে পড়া ভিড়ে জমজমাট নক-আউট প্রতিযোগিতা

আনোয়ার আলি আনসারী
০৪ নভে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
Zero Point News
খবরের ছবি

 ফুটবল উন্মাদনায় উত্তাল পূর্ব বর্ধমানের শ্যামনগর। শ্যামনগর তরুণ সংঘ, গ্রামবাসী ও এলাকাবাসীদের সহযোগিতায় শ্যামনগর ফুটবল ময়দানে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত দুই দিবসীয় নক-আউট ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার ৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার প্রথম দিনের খেলা।  বুধবার আরও ৮টি দল মাঠে নামবে।

প্রতিযোগিতার প্রথম দিন থেকেই ছিল টানটান উত্তেজনা। মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীরা উপভোগ করেন একের পর এক জমজমাট ম্যাচ। দিনের আলো ফুরিয়ে আসতেই ফ্লাডলাইটের আলোয় শুরু হয় রাতের খেলা। উদ্যোক্তাদের এই বিশেষ ব্যবস্থা দর্শকদের উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করে।

দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাঠের গ্যালারিতে জায়গা না পেয়ে অনেকেই মাঠের বাইরে ভিড় জমান। এমনকি বাঁশ দিয়ে নিজেদের উদ্যোগে অস্থায়ী গ্যালারিও তৈরি করে নেন ফুটবলপ্রেমীরা। প্রতিটি ম্যাচে গোলের সম্ভাবনা, জয়-পরাজয়ের টানটান লড়াই আর দর্শকদের চিৎকার ও করতালিতে মুখর হয়ে ওঠে গোটা শ্যামনগর ফুটবল ময়দান।

প্রতিযোগিতাকে ঘিরে বাড়তি আকর্ষণ রয়েছে বিপুল পুরস্কারমূল্য। চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে নগদ ৭০ হাজার টাকা এবং রানার্স আপ দলের জন্য ৬০ হাজার টাকা। অর্থাৎ মোট ১ লক্ষ ৩০ হাজার টাকার পুরস্কারমূল্যের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ট্রফি।

উল্লেখযোগ্য বিষয়, বিপুল দর্শক সমাগম এবং উন্মাদনার মধ্যেও খেলা পরিচালনায় দর্শক ও এলাকাবাসীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছিল প্রশংসনীয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে সকল ক্রীড়াপ্রেমী দর্শক ও সহযোগীদের ধন্যবাদ জানানো হয়েছে।

প্রথম দিনের সাফল্যের পর আগামীকাল বুধবার দ্বিতীয় দিনের খেলাকে ঘিরেও তৈরি হয়েছে প্রবল প্রত্যাশা। আরও ৮টি দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা যে আরও জমে উঠবে, সেই আশায় রয়েছেন উদ্যোক্তা থেকে শুরু করে ফুটবলপ্রেমী দর্শকরা। সব মিলিয়ে শ্যামনগরের এই দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা ইতিমধ্যেই এলাকায় উৎসবের আবহ তৈরি করেছে।

এই খবর শেয়ার করুন: