জেলা

আসন্ন দীপাবলিকে সামনে রেখে মন্তেশ্বরে প্রশাসনিক বৈঠক, পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশ

মৃত্যুঞ্জয় যশ
০৪ নভে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
Zero Point News
খবরের ছবি

আসন্ন দীপাবলি উৎসবকে কেন্দ্র করে পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক কর্মসূচি অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কমিউনিটি হলে। উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা, মন্তেশ্বর থানার আইসি সৈকত মণ্ডল, থানার মেজোবাবু গণেশ সেন, মন্তেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা।

বৈঠকে মন্তেশ্বর থানার আইসি সৈকত মণ্ডল জানান, দুর্গাপুজোর সময় প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত নিয়মনীতি ও নির্দেশিকা জারি করা হয়েছিল, দীপাবলির ক্ষেত্রেও সেগুলি মেনে চলতে হবে। বিশেষ করে প্রতিটি পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা, শব্দদূষণ নিয়ন্ত্রণ করা এবং প্যান্ডেলের বৈদ্যুতিক তার ও সংযোগে কোনও ধরনের লিকেজ বা ত্রুটি যাতে না থাকে, সে বিষয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করেন তিনি।পাশাপাশি দীপাবলি উপলক্ষে বিসর্জনের সময় যাতে কোনও ধরনের নিষিদ্ধ বা উচ্চ শব্দযুক্ত বাজি ব্যবহার না হয়, সেদিকেও বিশেষ নজর রাখার আবেদন জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক নির্দেশিকা মেনে চলার বার্তা দিয়েই এদিনের কর্মসূচি সম্পন্ন হয়।

এই খবর শেয়ার করুন: