জেলা

জনবসতি এলাকায় মদের দোকান কীভাবে? দোকান মালিকের কাছে জবাব চাইলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি

এম কে হিমু
১৪ নভে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ণ
Zero Point News
খবরের ছবি

পশ্চিম বর্ধমান: পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জব্বর পল্লী এলাকায় দুদিন আগে এক বিজেপি যুব নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল এলাকারই তিন যুবকের বিরুদ্ধে। প্রাথমিকভাবে জমি বিবাদকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা যায়। অভিযুক্ত তিনজনই বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

এই ঘটনার পর শুক্রবার ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, স্থানীয় বাসিন্দারা তাঁর কাছে অভিযোগ করেছিলেন যে জনবসতিপূর্ণ এলাকায় একটি মদের দোকানে অবাধে মদ বিক্রি হচ্ছে। মদ্যপানের পর কিছু মানুষের মাতলামি ও বিশৃঙ্খলা ক্রমশ বেড়ে চলেছে। এর ফলে সাধারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতেও ভয় পাচ্ছেন। সম্প্রতি বিজেপি যুব নেতার খুনের ঘটনার পর এলাকার মানুষের উদ্বেগ আরও বেড়েছে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিধায়ক সরাসরি ওই মদের দোকানে যান এবং দোকানের ট্রেড লাইসেন্স দেখতে চান। কিন্তু দোকানের কর্মীরা লাইসেন্স দেখাতে পারেননি। এরপর বিধায়ক ফোনে দোকান মালিকের সঙ্গে কথা বলেন।

দোকান মালিককে প্রশ্ন করে তিনি জানতে চান, মদের দোকানের লাইসেন্স নেওয়ার সময় কি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে দোকানটি জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং তার পাশেই একটি স্কুল রয়েছে? এই ধরনের পরিস্থিতিতে কীভাবে দোকানের লাইসেন্স পাওয়া গেল? লাইসেন্স নেওয়ার সময় কোনও তথ্য গোপন করা হয়েছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিধায়ক দোকান মালিককে সমস্ত বৈধ কাগজপত্র নিয়ে বিডিও অফিসে গিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে তা জমা দেওয়ার আবেদন জানান।

পাশাপাশি জিতেন্দ্র তিওয়ারি স্পষ্টভাবে জানান, লাইসেন্স নেওয়ার সময় যদি কোনও তথ্য গোপন করা হয়ে থাকে, তাহলে যাঁরা লাইসেন্স দিয়েছেন তাঁদের সঙ্গেও কথা বলা হবে। অন্যথায়, নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে প্রশাসনের পক্ষ থেকে দোকান মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিধায়কের এই পদক্ষেপের পর জনবসতিপূর্ণ এলাকায় মদের দোকানের বৈধতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

এই খবর শেয়ার করুন: