দেশ

শিশু দিবসে ‘বটশিশু’ রোপণ, পরিবেশ সচেতনতার বার্তা হাটগোবিন্দপুরের বিদ্যালয়ে

মৃত্যুঞ্জয় যশ
১৪ নভে ২০২৬, ০৫:১২ অপরাহ্ণ
Zero Point News
খবরের ছবি

 শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলা এবং আগামী দিনের দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের গড়ে তোলার বার্তা নিয়ে শিশু দিবস পালিত হলো বর্ধমান-২ ব্লকের হাটগোবিন্দপুরের মানগোবিন্দ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার, ১৪ নভেম্বর, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বটগাছের চারা রোপণ করা হয়। প্রতীকী এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মনে প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসা এবং যত্নের ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান করণিক কৃষ্ণ মণ্ডল, বিশিষ্ট শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস, শিক্ষাকর্মী সুশান্ত দাস এবং ‘বৃক্ষবন্ধু’ ডক্টর সোমনাথ গুপ্ত। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে কৃষ্ণ মণ্ডল জানান, বটগাছ কয়েকশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে তার জন্য প্রয়োজন যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ। তাই শুধু চারা রোপণ করলেই হবে না, তাকে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে।

অন্যদিকে, ‘বৃক্ষবন্ধু’ ডক্টর সোমনাথ গুপ্ত বটগাছের সঙ্গে পিতার ভূমিকার তুলনা করে বলেন, বটগাছ যেমন তার সুশীতল ছায়ায় মানুষকে আশ্রয় দেয় এবং অসংখ্য জীবের বাসস্থান হয়ে ওঠে, তেমনই আজকের শিশুরাই আগামী দিনে সমাজের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের মধ্যেও প্রকৃতি, মানুষ ও জীবজগতের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং যত্নের মানসিকতা গড়ে তোলা জরুরি।

তাঁর কথায়, আগামী দিনের সমাজকে সুন্দর ও সুস্থ রাখতে আজকের শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং পারস্পরিক সৌহার্দ্যের বীজ বপন করতে হবে। সেই ভাবনা থেকেই শিশু দিবসে বটগাছের চারা রোপণের এই প্রতীকী উদ্যোগ।

শিশু দিবসের এই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে ছড়িয়ে পড়ল এক গুরুত্বপূর্ণ বার্তা—শিশুদের ভবিষ্যৎ যেমন যত্নে গড়ে তুলতে হয়, তেমনই যত্ন নিতে হয় প্রকৃতি ও পরিবেশেরও।

এই খবর শেয়ার করুন: