জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, ১৫ সেপ্টেম্বর ২০২৬:
টোটো ও বাইকের জোরদার সংঘর্ষে এক চার বছরের শিশু সহ মোট ৬ জন গুরুতর আহত হলেন। মঙ্গলবার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম-মালডাঙ্গা রোডে ডাকবাংলো পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মন্তেশ্বরের পিপলন অঞ্চলের করন্দা গ্রামে মা মনসার পুজো উপলক্ষে মাইক বাজানোর প্রশাসনিক অনুমতি নিতে থানায় গিয়েছিলেন তিন ব্যক্তি। থানার কাজ সেরে এক বাইকে চেপে তিনজনেই বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ডাকবাংলো পেট্রোল পাম্পের কাছে উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই টোটোর সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাইক ও টোটো দু’টিই দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনক তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
আহতদের টোটো আরোহী: জামনা এলাকার বাসিন্দা চোয়া সাঁতরা, তাঁর চার বছর বয়সী শিশুকন্যা এবং বছর আঠারোর তরুণ গণেশ ধারা। এঁদের মধ্যে মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক।
আহত বাইক আরোহী করন্দা গ্রামের বাসিন্দা সুফল হাঁসদা (৪০), হাবলা সরেন (২০) এবং স্টিফেন সরেন (২৪)। বাইক চালক সুফল হাঁসদার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ দ্রুত পৌঁছায়। পুলিশের দু’টি পৃথক দল একযোগে ঘটনাস্থল ও স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত গাড়ি দু’টিকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





