জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৭ অগস্ট ২০২০:
শ্বাসরোধ করে হত্যার পর এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুললেন মহিলারা। সারা ভারত মহিলা সমিতির কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগে শুক্রবার কালনা থানার ওসিকে এই দাবিতে স্মারকলিপি দেন তারা। পাশাপাশি তারা দোষীদের কঠোর সাজা দেওয়ার দাবি তুলে এলাকায় পোস্টারিং করেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন মহিলা নেত্রী জনা মুখার্জি, মনিপ্রভা ভাদুরী, মিত্রা ঘোষ, মৃদুলা রায়, কবিতা চক্রবর্তী, খুকু আইচ, অনিমা বসুমল্লিক, মৃদুলা রায়, ভবানী বসুমল্লিক প্রমুখ। উল্লেখ্য বুধবার রাতে কালনা পৌরসভার ১০ নং ওয়ার্ডের নিচু জাপটে পায়েল বর্মন (২৭) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। মৃতার বাবা পলাশ হালদার কালনা থানায় জামাই সহ শ্বশুর বাড়ির চারজনের নামে অভিযোগ লিপিবদ্ধ করেন। তাতে তিনি বলেন– তার মেয়ে পায়েলকে মেরে গায়ে আগুন লাগিয়ে বুধবার রাতে বাথরুমের মধ্যে ফেলে রাখা হয়। খবর পেয়ে দ্রুত মেয়ের বাড়ি পৌঁছে পায়েলকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন। বৃস্পতিবার বর্ধমান মেডিকেল কলেজে মৃতদেহের ময়নাতদন্ত হয়। কালনার এক পুলিশ অফিসার জানান–অভিযোগ লিপিবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের মধ্যে এক মহিলাকে আটক করা হয়। শুক্রবার মূল অভিযুক্ত জামাই অভিজিৎ বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে।
