জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২৯ অগাস্ট ২০২০:
শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষের জন্য বামপন্থীরাই একমাত্র লড়াই জারি রেখেছে। তাদের স্বার্থেই এই লড়াইয়ে গরিব শ্রমজীবী মানুষকে শামিল করে লড়াই আন্দোলনকে আরো জোরদার করে তুলতে হবে। সি পি আই এমের কালনা -২ এরিয়া কমিটির উদ্যোগে সেনেরডাঙ্গা হিমঘরে অনুষ্ঠিত কর্মীসভায় শনিবার বলেন— পার্টি নেতা সুকান্ত কোনার। সভা পরিচালনা করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক সনাতন টুডু। তিনি বলেন– লকডাউনের কারণে এ রাজ্য থেকে কাজে যাওয়া বহু মানুষকে বিপদে পড়তে হয়েছে। তাদের ফিরে আসার ব্যাপারে রাজ্য কি কেন্দ্র কোন সরকারই পাশে দাঁড়ায়নি। ভিন রাজ্য থেকে ফিরে আসার ব্যাপারে একমাত্র পাশে দাঁড়িয়েছেন বামপন্থীরাই। এ রাজ্যের মানুষকে ভিন রাজ্যে যাতে কাজে না যেতে হয়, তার ব্যবস্থাও বামফ্রন্ট করার চেষ্টা করেছিল সিঙ্গুরে কারখানা গড়ে তোলার মধ্য দিয়ে। কিন্তু এ রাজ্যের বর্তমান শাসক দল সিঙ্গুর কারখানা বন্ধ করে দেয়। শুধু তাই নয়। এ রাজ্যে যেদিন থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে, সেই দিন থেকেই বিজেপির বাড়বাড়ন্ত শুরু। এই দুই রাজনৈতিক দলই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মানুষের মধ্যে বিভাজন করছে, যাতে সাধারণ মানুষের মৌলিক সমস্যা গুলিকে ধামাচাপা দেওয়া যায়। আর বড় বড় পেটোয়া মিডিয়াগুলিকে এই ধামাচাপার কাজে লাগানো হচ্ছে। অন্যদিকে অপরিকল্পিত লকডাউন ও করোনা আবহে মানুষ যখন বিপর্যস্ত, রাষ্ট্রীয় সহায়তা তাদের একান্ত জরুরী। তখন সরকার সেই বিপর্যস্ত মানুষের উপর বেশি বেশি করে আরো বোঝা চাপাচ্ছে। চরম বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় বামপন্থীরা সাধারণ মানুষের জীবন-জীবিকা, গণতন্ত্র, সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ ১৬ দফা দাবিতে পথে নেমেছে। আমাদের পার্টির কর্মীদের দায়িত্ব হবে, সাধারণ মানুষকে যুক্ত করে এই দাবিগুলো নিয়ে আরো সোচ্চার হওয়া। আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়া।
