জিরো পয়েন্ট নিউজ কলকাতা, মোল্লা জসিমউদ্দিন, ১১ সেপ্টেম্বর ২০২৬:
রাজ্যে পালাবদলের পর কলকাতার বাইরে প্রথম সভা করার কথা ছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সভা হচ্ছে না। সভার দিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সদ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়া রবীন্দ্র ঘুঘে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।শুক্রবার বেলা বারোটা নাগাদ মামলার শুনানি রয়েছে। ওই শুনানির উপরেই নির্ভর করছে, আদৌ মমতা শ্রীরামপুরে সভা করতে পারবেন কিনা? শ্রীরামপুরের মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল ও সভার জন্য পুলিশ অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাট তৃণমূলের নেতা তথা চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়ে শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দেন। বিচারপতি জানিয়ে দেন, মাহেশের জগন্নাথদেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন মমতা। তবে ২,০০০ লোকের বেশি জমায়েত যেন না হয়।বিচারপতি ভট্টাচার্যের সভাস্থল ব্যবহারের অনুমতি নিয়েই ব্যাখ্যা চেয়ে দুপুরেই প্রধান বিচারপতি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য। তিনি সওয়ালে বলেন, ‘ওই মাঠটি ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। এখন রাজনৈতিক সভার জন্য কোনও ব্যক্তিকে জোর করতে পারে না পুলিশ। ব্যক্তিগত সম্পত্তির বিষয়টি থেকে পুলিশকে নিষ্কৃতি দেওয়া হোক। অথবা, অন্য কোনও জায়গায় কর্মসূচি করা হোক।’ রাজ্যের সুরে সুর মেলায় মাহেশের ওই মাঠটির মালিকপক্ষও। তাদের বক্তব্য, ওই জমি ধর্মীয় এবং সাংস্কৃতিক কাজে ব্যবহার করতে দেওয়া হয়। রাজনৈতিক কর্মসূচিতে তারা ওই জমি দিতে ইচ্ছুক নয়।’ বিকেলে শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কালীঘাট তৃণমূলের কর্মসূচি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয়।
