জিরো পয়েন্ট নিউজ কলকাতা, মোল্লা জসিমউদ্দিন, ৮ সেপ্টেম্বর ২০২৬ :
মুর্শিদাবাদ জেলার ডোমকল পৌরসভায় দ্রুত নির্বাচন প্রক্রিয়া চালুর দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন স্থানীয় সিপিআইএম নেতা তথা বিধায়ক মুস্তাফিজুর রহমান (রানা)। কয়েক বছর ধরে ডোমকল পুরসভায় কোনও নির্বাচিত বোর্ড নেই। পরিবর্তে প্রশাসনিক আধিকারিক বা প্রশাসক বসিয়েই মূলত পৌর পরিষেবা চালানো হচ্ছে বলে জানা গেছে ।এই দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে অবিলম্বে ভোট করানোর আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন বাম বিধায়ক । চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।২০১৭ সালে শেষ বার সাধারণ নির্বাচন হয়েছিল ডোমকল পুরসভায়।
নির্বাচিত পুরবোর্ডের পাঁচ বছরের মেয়াদ শেষ হয় ২০২২ সালে। তার পর থেকে নতুন করে নির্বাচন না হওয়ায় প্রশাসকের মাধ্যমেই পুর পরিষেবা পরিচালিত হচ্ছে। অর্থাৎ, ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ থেকে বছরের পর বছর বঞ্চিত ডোমকলবাসী।মামলাকারীর সিপিআইএম বিধায়ক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন , -“পুরসভা শুধু রাস্তা, নিকাশি, পানীয় জল বা আলো-পরিচ্ছন্নতার পরিষেবা দেওয়ার প্রতিষ্ঠান নয়,এটি স্থানীয় মানুষের গণতান্ত্রিক অংশগ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র”। পুরসভার মেয়াদ ও নির্বাচন সম্পর্কে যে সাংবিধানিক কাঠামো রয়েছে, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় তার উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই বকেয়া থাকা পৌরসভাগুলিতে ভোট করানোর বিষয়ে তোরজোড় শুরু হয়েছে।
শুধু ডোমকলই নয়, বিগত বেশ কয়েক বছর ধরে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পুরসভায় নির্বাচন আটকে রয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, বিধাননগর, দুর্গাপুর, শিলিগুড়ির মতো মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উত্তরবঙ্গ ও পাহাড়ের কার্সিয়াং, মিরিক, কালিম্পং, রায়গঞ্জ, বুনিয়াদপুর, ধূপগুড়ির পাশাপাশি বালি, পূজালি, পাঁশকুড়া, হলদিয়া, নদিয়ার কুপার্স ক্যাম্প এবং নলহাটির মতো বিভিন্ন পৌরসভায় দীর্ঘদিন নির্বাচন হয়নি। এই সমস্ত জায়গাতেই এতদিন প্রশাসকের মাধ্যমেই কাজ চালানো হচ্ছিল।চলতি সপ্তাহে ডোমকল পুরসভার ভোট সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।


