14/09/2026 : 10:38 AM
আমার দেশ

রাস্তা না বানিয়েই ২১ লক্ষের বেশি টাকা আত্মসাতের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন ডিহি পলাশনের বাসিন্দারা

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, মৃত্যুঞ্জয় যশ, ১৩ সেপ্টেম্বর ২০২৬:


রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ হওয়া লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হলেও বাস্তবে রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি—এমনই গুরুতর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি-২ ব্লকের বড় পলাশন-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডিহি পলাশন, অর্থাৎ ছোট পলাশন গ্রামের দক্ষিণপাড়ায়। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় চার বছর আগে দক্ষিণপাড়ার প্রায় ৫০০ মিটার রাস্তা নির্মাণের জন্য ২১ লক্ষ ৮৮ হাজার টাকা বরাদ্দ হয়েছিল। তাঁদের দাবি, ওই কাজের জন্য GO 5784/pW/L&A/2M-175/20 নম্বরের স্যাংশনও দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, রাস্তার শুরু ও শেষের সামান্য অংশে কাজ হলেও মাঝের বড় অংশটি কার্যত অসম্পূর্ণ রেখেই কাজ শেষ দেখানো হয়েছে। বরাদ্দের পুরো টাকা কীভাবে খরচ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা।

স্থানীয়দের অভিযোগ, গত প্রায় ১৬ বছর ধরে ওই রাস্তার উল্লেখযোগ্য কোনও সংস্কার বা উন্নয়ন হয়নি। বর্ষাকালে রাস্তার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। হাঁটুসমান কাদা ও জল পেরিয়ে যাতায়াত করতে হয় বলে অভিযোগ। ফলে জরুরি পরিস্থিতিতে অসুস্থ ব্যক্তি বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়াও কার্যত দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। স্থানীয়দের দাবি, রাস্তার বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহনও অনেক সময় পাড়ার ভিতরে ঢুকতে পারে না। স্কুলপড়ুয়াদেরও প্রতিদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন বাসিন্দারা। সাইকেল নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে বিশেষ করে বর্ষার সময়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

গ্রামবাসীদের আরও অভিযোগ, রাস্তা নির্মাণে অনিয়মের বিষয়টি জানিয়ে তাঁরা পঞ্চায়েত, বিডিও অফিস, এসডিও অফিস, বিধায়ক এবং জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে তাঁদের দাবি।

এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও সমাজকর্মীর বিরুদ্ধে রাস্তা নির্মাণের কাজে বাধা দেওয়া এবং বিভিন্ন ধরনের আবেদন করে কাজ আটকে দেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। যদিও এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি।

বর্তমানে ডিহি পলাশন দক্ষিণপাড়ার বাসিন্দাদের দাবি, দ্রুত রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ করার পাশাপাশি রাস্তার জন্য বরাদ্দ ২১ লক্ষ ৮৮ হাজার টাকা কীভাবে খরচ হয়েছে, তার উচ্চপর্যায়ের তদন্ত করা হোক। একইসঙ্গে অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

Related posts

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ট্যাঙ্গো নাচতে প্রস্তুত !

ezeropoint +91 7797331771

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পরিচালনায় মাধ্যমিক পর্যায়ের উন্নতিসাধনে ৮ সপ্তাহের বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে

ezeropoint +91 7797331771

ই-গোপালা অ্যাপ –এর সূচনা করবেন প্রধানমন্ত্রী

ezeropoint +91 7797331771

মতামত দিন