জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি আনসারী, ২৩ সেপ্টেম্বর ২০২৬:
রাতের অন্ধকারে ছোট ট্রাকে ছয়টি গরু নিয়ে কলকাতার দিকে যাওয়ার পথেই পুলিশের জালে ধরা পড়ল এক ব্যক্তি। সোমবার গভীর রাতে মেমারি নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রীধরপুর ব্যাংকের সামনে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় মেমারি থানার পুলিশ।
পুলিশের তল্লাশিতে ট্রাকের ভিতর থেকে উদ্ধার হয় ছয়টি গরু। গরুগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তবে গরু পরিবহণের বৈধ নথিপত্র দেখাতে পারেননি চালক বলে পুলিশের দাবি।
ধৃত চালকের নাম বাবর আলি। তাঁর বাড়ি দেগঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে বাবর আলি জানাই, মন্তেশ্বরের বিভিন্ন এলাকা থেকে গরুগুলি কেনার কথা জানান। কলকাতায় নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করার উদ্দেশ্য ছিল বলেও তিনি পুলিশকে জানিয়েছেন বলে দাবি তদন্তকারীদের।
এরপর বাবর আলিকে গ্রেফতার করে মেমারি থানায় নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক।
মেমারি থানার ওসি ব্রজগোপাল হালদার জানিয়েছেন গরু বোঝাই ছোট ট্রাকটিও বাজেয়াপ্ত করেছে মেমারি থানার পুলিশ। ঘটনাটির পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।




