বিশেষ প্রতিনিধি, কলকাতাঃ আজ সকালে করোনায় মৃত্যু হলো ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। গত ২৪ মে থেকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাল্টি অর্গান ফেলিওর অর্থাৎ হার্ট, কিডনি, লিভার, ফুসফুস বিকল হয়ে মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের বাড়ি কালীঘাটে। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান। সেই কাজেই গত মাসে দুর্গাপুর গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন ফলতার তিন বারের তৃণমূল বিধায়ক। তারপর কলকাতায় ফিরে আসার পর ২২ মে তাঁর নমুনা পরীক্ষা হলে করোনা পজিটিভ ধরা পড়ে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তমোনাশ ঘোষের রক্তে সুগার ছিল মাত্রাতিরিক্ত। তা ওষুধ দিয়ে কমানো হয়। পরে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ায় তাও কমানোর চেষ্টা করা হয়। কিন্তু দীর্ঘদিন ভেন্টিলেশনের থাকার ফলে তাঁর গলায় সংক্রমণ ঘটে। তাই সে জন্যও চিকিৎসা চলতে থাকে। কিন্তু শেষ রক্ষা করা যায়নি।
তমোনাশ ঘোষের দুই মেয়েও কোভিডে সংক্রামিত হয়েছিলেন। তাঁরা অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
প্রসঙ্গগত উল্লেখ্য তৃণমূলের জন্মলগ্ন থেকে দলে ছিলেন তমোনাশ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু আন্দোলনের শরিক ছিলেন তিনি। বরাবরই মিশুকে প্রকৃতির মানুষ, তাই অন্য দলেও তাঁর ব্যক্তিগত স্তরে অনেক বন্ধু রয়েছে।
এদিন সকালে তাঁর মৃত্যুর খবর পেয়েই শোকের ছায়া নেমে এসেছে শাসক দলে। আজ বুধবার নবান্নে সর্বদল বৈঠক হওয়ার কথা ছিল। তমোনাশ ঘোষের মৃত্যুর পর তা বাতিল করা হতে পারে।
