জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ২০ অগাষ্ট, ২০২০:
রাজ্যে গোষ্ঠী সংক্রমণ আটকাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে চলছে লকডাউন | এই প্রথম টানা ৪৮ঘণ্টা (বৃহস্পতিবার ও শুক্রবার) রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন চলছে |

প্রতিদিনই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ | কোনওভাবেই তাতে লাগাম পড়ানো যাচ্ছে না | যা দেখে বিশেষজ্ঞরা আগেই আশঙ্কা করেছিলেন, রাজ্যে গোষ্ঠী সংক্রমণ হয়েছে | আর গোষ্ঠী সংক্রমণ রুখতে লকডাউনে একমাত্র উপায় বলে মনে করছেন একদল বিশেষজ্ঞ |

তাই সারা পশ্চিম বাংলার মত পূর্ব বর্ধমানের মেমারি শহরেও চলছে লকডাউন | আগের লকডাউনের মতো এবারও প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে | অকারণে বাড়ির বাইরে বেরোলে কড়া ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে পুলিশ প্রশাসন |

তবে মেমারি বিভিন্ন এলাকার চিত্র দেখলে বোঝা যায় এবারের লকডাউন সফল ভাবে পালন করছে মেমারিবাসী | দোকানপাট ছিল সম্পূর্ণরূপে বন্ধ | মানুষের আনাগোনাও কেমন চোখে পড়েনি | তবে টানা ৪৮ঘণ্টা মানুষকে গৃহবন্দি করে রাখতে প্রশাসন কতটা সফল হবে এটাই এখন দেখার বিষয় |
