জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া, ৭ অগাষ্ট, ২০২০:
যখন পৃথিবীতে ছড়িয়ে পড়ছে মহামারী, অশান্তি, সংঘাত আর বিদ্বেষের বিষবাষ্প, ঠিক তখনই আমরা পারি পৃথিবীতে ভালোবাসা ছড়িয়ে দিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করতে। সামাজিক বন্ধন যেখানে প্রায় ভঙ্গুর, সেখানেই হোক আমাদের ভঙ্গুরতাকে ভালোবাসায় জুড়ে দেওয়ার এক ঐকান্তিক প্রচেষ্টা। আমাদের এক একটি ভালো কাজ এবং এক একটি মহৎ উদ্দ্যোগই পারে একটি সমাজের কল্যাণ সাধন করতে। এরূপ একটি কল্যাণকর কাজ হলো ‘রক্তদান’। আমরা জানি, ভোগে নয়,ত্যাগেই প্রকৃত সুখ। রক্তদান এমনই একটি প্রক্রিয়া, যেখানে অর্থ ছাড়াই শারীরিকভাবে সুস্থ একজন পূর্ণবয়স্ক ব্যক্তি পারেন এই পরম সুখের অধিকারী হতে। তবে এ জন্য প্রয়োজন হবে, তার স্বইচ্ছা।
করোনা মহামারীর আবহে রক্তদান শিবিরের সংখ্যা অত্যন্ত কমে যাওয়ায় আমাদের ব্লাড ব্যাংকগুলি ভয়াবহ রক্ত সঙ্কটের সম্মুখীন হয়েছে। হাসপাতালে প্রতিদিন অসংখ্য পরিমাণ মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে, কিন্তু তারা রক্তের অভাবে তাদের চিকিৎসা বা অপারেশন করাতে পারছেন না। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা যাদের বেঁচে থাকার জন্য নিয়মিত রক্তের প্রয়োজন, তাদের অভিভাবকদের এক ফোঁটা রক্তের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। যারা ধনী তারা অন্যত্র থেকে অথের্র বিনিময়ে কিনতে পারছেন, কিন্তু যারা গরিব তারা অসহায় হয়ে আপনার আমার মতো মানুষের দিকে চেয়ে আছেন। আমরা কি পারি না তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে? আসুন না, আমরা একের রক্তে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসি। এভাবেই তো আমরা গড়ে তুলতে পারি নিজেদের মধ্যে এক রক্তের সম্পর্ক। এর মত পবিত্র সম্পর্ক আর কিই বা হতে পারে! এভাবেই আমরা পারি স্বীকৃতি দিতে ভূপেন হাজারিকার সেই বিখ্যাত গানটিকে : ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’। তাহলে বুঝতেই পারছেন আপনার রক্তদানের মাধ্যমে সমাজের অনেক উপকার করতে পারেন।
মহান উদ্দেশ্যগুলিকে সামনে রেখে শতাব্দী প্রাচীন ক্লাব লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া ও পান্ডুয়া কুল্টি রোড যুব সম্প্রদায় যৌথভাবে একটি বিরাট কর্মযজ্ঞে ব্রতী হয়েছে। আজ ২২শে শ্রাবণ, পূন্য প্রভাতে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে কুল্টি যুব সম্প্রদায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলো রক্তদানের মাধ্যমে। ক্লাবের সভাপতি ঘনশ্যাম সাউ বলেন আমাদের এক বিন্দু রক্তই হোক তার প্রতি আমাদের শ্রদ্ধার অর্ঘ্য। আমাদের শরীরের ৩৫০ মি.লি. রক্তে আরেকটি জীবন রক্ষা হচ্ছে। পৃথিবীর আলো, বাতাস উপভোগের অপার সুযোগ তৈরি হচ্ছে। মোট কথা, আমরা জীবনে জীবন সরবরাহ করতে পারছি। এর থেকে বড় কর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা আমাদের জানা নেই। কত বিরাট পাওয়া, কত বিশাল অর্জন ! পরোপকারই হোক আমাদের জীবনের ব্রত। আজ প্রায় ৬০ জন রক্ত দাতা যুক্ত হোন এই মহান উদ্যোগে। রক্ত দানের মাধ্যমে পরম পরিতৃপ্তি লাভ করেন। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন।
রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন লায়ন ডিস্ট্রিক্ট ৩২২ সি ১ এর জোন চেয়ারপারসন লায়ন মানিক চন্দ্র দাস, লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সম্পাদক লায়ন মুন্সি হাসান, সভাপতি লায়ন সৌরিশ মন্ডল, কোষাধ্যক্ষ লায়ন রূপাঞ্জন রায় সহ অন্যান্যরা।
