জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৭ নভেম্বর ২০২২:
স্রষ্টার সৃষ্ট প্রত্যেক জীবের প্রতি যত্নবান মানুষের পরম কর্তব্য। জীবসেবা করলেই প্রকারান্তরে স্রষ্টার সেবা করা হয়। প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং তাদের ভালোবাসলে, তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। এ জন্যেই স্বমী বিবেকানন্দ বলেছেন- “জীবে প্রেম করে যেই জন / সেই জন সেবিছে ঈশ্বর।”
সেই মন্ত্রে দীক্ষিত হয়ে মেমারি কেনেল ক্লাব এর উদ্যোগে গৃহপালিত সারমেয়দের নিয়ে অনুষ্ঠিত হল দ্বিতীয় বর্ষ ডগ শো। বিভিন্ন রাজ্য থেকে শতাধিক কুকুরপ্রেমী তাদের কুকুর নিয়ে উপস্থিত হন। ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেমারি কেনেল ক্লাবের প্রধান কর্ণধার ঐশী সিংহরায় এবং বিশিষ্ট পশুপ্রেমিক ঐশ্বর্য মুখার্জী। তাদের সঙ্গে ছিলেন বিচারকগণ সহ স্থানীয় সমাজসেবী প্রশান্ত সিংহরায়।
রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি নুদিপুর মোড়ে শিক্ষা বিকাশ সেবা ফাউন্ডেশন প্রাঙ্গণে এই ডগ শো তে বিভিন্ন প্রজাতির কুকুর দেখতে বহু দর্শক ও কুকুর প্রেমীরা হাজির হয়।
মেমারি কেনেল ক্লাবের পক্ষে ঐশী সিংহরায় জিরো পয়েন্টের প্রতিনিধিকে জানান প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ভাইরাস থেকে বহুকোষী জীব প্রত্যেকের অবদান অপরিসীম। তাই মানুষকে আরও বেশি করে পশুদের প্রতি সচেতন হতে হবে। সমস্ত প্রাণী, পশু-পাখি সকলের প্রতি আমাদের নজর রাখতে হবে, তাতে আখেরে কিন্তু মানুষই লাভবান হবেন।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানাননো হয়, প্রতিযোগিতার বিচারে প্রথম, দ্বিতীয, তৃতীয স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে থেকে বিচারক উপস্থিত ছিলেন।





