জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৮ অগাষ্ট ২০২৫:
জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে মারপিটের অভিযোগে মেমারি থেকে গ্রেপ্তার ২। বৃহস্পতিবার বেলা ১২-৩০ নাগাদ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের বর্ধমান আদালতে পাঠায় মেমারি থানার পুলিশ। এদিন বিকালে বর্ধমান আদালতের বিচারক ধৃতদের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম কিশোর মাঝি, বাড়ি মেমারি বটপুকুর পাড় ও কাঞ্চন মালিক বাড়ি ময়না।
অভিযোগপত্র থেকে জানা যায় দেবীপুর নিবাসী বিপ্লব ব্যানার্জীর পৈতৃক সম্পত্তির নকল দলিল করে রেকর্ড করে নেয় ধৃতরা। এই বিষয়ে বর্ধমান কোর্টে কেস চলছে। গত ২৭ অগাস্ট রাত্রি ৮ টা নাগাদ কেন্নার মা ভাটা এলাকায় বিপ্লব ব্যানার্জীকে একা পেয়ে ধৃত দুই ব্যক্তি সহ আরও কয়েকজন পরিকল্পনা মাফিক রড, বাঁশ দিয়ে রাস্তায় ফেলে মারধোর করে পাশের জমিতে ফেলে দিয়ে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। এর পরই মেমারি থানায় তিনি লিখিত অভিযোগ করেন। এদিকে ধৃতদের পরিবারের পক্ষে সংবাদমাধ্যমে জানানো হয় সম্পূর্ণ অভিযোগ মিথ্যা।

