22/08/2026 : 5:32 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত বিধায়ক, কড়া হুঁশিয়ারির পাশাপাশি ইনডোর স্টেডিয়ামের বড় ঘোষণা

জিরো পয়েন্ট নিউজ মেমারি, আনোয়ার আলি আনসারী, ২২ অগাস্ট ২০২৬:


​মেমারি কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি (প্রেসিডেন্ট) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মেমারির বিধায়ক মানব গুহ। নতুন এই গুরুদায়িত্ব পাওয়ার পর মেমারি কলেজকে সাফল্যের শীর্ষে নিয়ে যাওয়ার এবং কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি।

গত ২১ অগাস্ট রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের এক নির্দেশিকা থেকে বিষয়টি জানা যায়। আরও জানা যায় পূর্ব বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় অবস্থিত কলেজগুলির গভর্নিং বডির নতুন সভাপতি মনোনীত করা হয়েছে।

​সামাজিক মাধ্যমে মেমারির বিধায়ক মানব গুহ বলেন, “প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বাড়ার সাথে সাথে মেমারি কলেজকে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়াই এখন আমাদের মূল লক্ষ্য। কলেজ প্রশাসন, টিচার ইন চার্জ, অধ্যাপক-অধ্যাপিকা, অন্যান্য স্টাফ এবং ছাত্র-ছাত্রীদের যৌথ সহযোগিতাতেই এই কাজ সম্পন্ন হবে।”

​একই সাথে কলেজের শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে তিনি বলেন, “সোমবার থেকেই কড়া পদক্ষেপ চালু হচ্ছে। কলেজের ছাত্র-ছাত্রী ছাড়া অন্য কোনো বহিরাগত ব্যক্তি ক্যাম্পাসে ঢুকে রাজনীতি, দাদাগিরি বা দলবল নিয়ে অশান্তি তৈরি করতে পারবে না; তা সম্পূর্ণ বন্ধ করা হলো। পাশাপাশি, যে সকল কর্মী কাজের জায়গায় নিজের দায়িত্ব এড়িয়ে রাজনীতি বা অশান্তি ছড়াচ্ছেন, তাঁদেরও এবার সাবধান হওয়ার সময় এসেছে।”

​মেমারি বিধানসভার ক্রীড়া পরিকাঠামো নিয়ে এক বড় আশার কথা শুনিয়েছেন বিধায়ক। তিনি জানান, মেমারি কলেজ ক্যাম্পাসকে কেন্দ্র করেই আগামী দিনে স্পোর্টসের বড় পরিকাঠামো গড়ে তোলা হবে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে এই কলেজ ক্যাম্পাসেই তৈরি হবে মেমারি বিধানসভার প্রথম ইনডোর স্টেডিয়াম।

 

​মেমারির সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিধায়ক সকলকে পাশে থাকার আহ্বান জানান। তাঁর দাবি, আগামী পাঁচ বছরে মেমারি বিধানসভার চেহারা পুরোপুরি বদলে যাবে এবং এক নতুন উন্নয়ন জোয়ারের সূচনা হতে চলেছে।

এ বিষয়ে মেমারি শহরের এক শিক্ষানুরাগী বলেন, আশা করা যায় কলেজের নতুন সভাপতি বিগত গভর্নিং বডির সভাপতি প্রাক্তন বিধায়ক মধুসুদন ভট্টাচার্য ও প্রাক্তন প্রিন্সিপাল দেবাশীষ চক্রবর্তীর সময়কালে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের তদন্ত হবে।

Related posts

বৈদ্যডাঙ্গা যুবগোষ্ঠীর উদ্যোগে দীপাবলির উপহার প্রদান

E Zero Point

মন্ত্রীকন্যা অঙ্কিতার পর, একই স্কুলে আর এক ভুয়ো শিক্ষিকা!!!

E Zero Point

মঙ্গলকোটে দুয়ারে সরকারে শুভ সূচনা করলেন বিডিও

E Zero Point

মতামত দিন