জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, ১১ সেপ্টেম্বর ২০২৬:
বিধানসভা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয়গুলির পরিকাঠামো এবং পরিষেবা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে বের হলেন মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাঁজা। এদিন তিনি সারগাছি, ইন্দ্রপুর, বামুনিয়া, ভগবানপুর এবং মালম্বা গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পাশাপাশি মালম্বা প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিধায়ক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সামগ্রিক পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখেন। সেখানে উপস্থিত শিশুদের পুষ্টির মান এবং প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা কেমন চলছে, তা নিবিড়ভাবে পর্যালোচনা করেন তিনি। শিশুদের জন্য সরকারি যে সকল সুযোগ-সুবিধা ও খাদ্যসামগ্রী বরাদ্দ রয়েছে, তা সঠিকভাবে মিলছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন। পাশাপাশি কেন্দ্রগুলির কর্মী ও সহায়িকাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাঁদের কাজের নানা সুবিধা-অসুবিধা নিয়ে মতবিনিময় করেন।
এরপর তিনি মালম্বা প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখানে বিদ্যালয়ের পরিকাঠামো, শ্রেণিকক্ষের পরিবেশ ও পঠন-পাঠনের মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন তিনি।
পরিদর্শন শেষে বিধায়ক সৈকত পাঁজা জানান, এলাকার শিশুদের সুস্থ বিকাশ এবং সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলাই মূল লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং প্রাথমিক বিদ্যালয়গুলির পরিষেবার মান আরও উন্নত করতে প্রশাসন নিরন্তর কাজ করে চলেছে। স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই সরাসরি উপস্থিতিকে সাধুবাদ জানিয়েছেন।




