আলেক শেখ, পূর্বস্থলী, ১৬ জুলাইঃ মজুরি নিয়ে পূর্বস্থলীর তাঁত কলগুলির অচলাবস্থার অবসান ঘটলো বৃস্পতিবার ত্রিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে। কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি নিজের দপ্তরে এই বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন তাঁত শ্রমিক প্রতিনিধি, কারখানার মালিকদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের সরকারি অধিকারীকবৃন্দ। দীর্ঘ ম্যারাথন আলোচনা চলার পর আগের থেকে একটু মজুরি কমিয়ে দিয়ে কারখানা চালু করবেন মালিকরা। বৃহৎ স্বার্থে শ্রমিকরাও কষ্ট হজম করেও সেই সিদ্ধান্ত আপাতত মেনে নেন। সামনেই পুজো যদি বাজার একটু ভালো হয়, তখন আবার আলোচনায় বসে মজুরি বাড়ানো হবে। সিআইটিইউ অনুমোদিত পূর্ব বর্ধমান জেলা তাঁত শ্রমিক ইউনিয়নের সম্পাদক তাপস চ্যাটার্জি এই বৈঠকে ছিলেন। শ্রমিকদের মজুরি কিছুটা কমলেও এই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান। কারন প্রশাসন থেকে বলা হয় শ্রমিকদের যে ব্যক্তিগত সমস্যাগুলি আছে, তার সমাধান করার চেষ্টা করা হবে। যেমন কোন শ্রমিকের ঘর না থাকলে তাকে সরকারি আবাসন প্রকল্পে ঘর দেওয়া হবে। কাজের অসুবিধা হলে ১০০ দিনের প্রকল্পে কাজের ব্যবস্থা ও স্পেশাল ফুড কুপন দেওয়া হবে। গত ১৯ শে জুন পূর্বস্থলী-১ ব্লকে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে কারখানা মালিকরা শ্রমিকদের পূর্বের ১৬০ টাকা মজুরি মেনে নিয়ে স্বাক্ষর করেন। কিন্তু স্বাক্ষর করার ১০ দিন পর উৎপাদিত বস্ত্রের বিক্রি নেই অজুহাতে পূর্বস্থলীর তাঁত কারখানাগুলি বন্ধ করে দেন মালিকরা। ফলে নতুন করে বিপাকে পড়ে যান চার হাজার তাঁত শ্রমিক। প্রতিবাদে সড়ক অবরোধ হলে প্রশাসন থেকে আশ্বাস দেওয়া হয় এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করা হবে। সেই কথা মত গত ১০ জুলাই কালনা মহকুমা শাসক দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। কিন্তু মালিক পক্ষ সেই বৈঠকে গরহাজির থাকলে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েন। শ্রমিকরা ফিরে গিয়েই পূর্বস্থলী-১ পঞ্চায়েত সমিতির শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের ফকিরতলায় বেলা ৩ টে থেকে এস টি কে কে সড়ক অবরোধ শুরু করেন। । কিছুক্ষন পরেই পূর্বস্থলী-১ বিডিও নীতিশ বালা সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলতে আসেন। কিন্তু শ্রমিকরা তাঁকে ঘিরে বসে পড়েন। এই সড়ক অবরোধ ও বিডিওকে ঘেরাও চলে রাত্রি সাড়ে ৮ টা পর্যন্ত অর্থাৎ সাড়ে পাঁচ ঘন্টা। তার পরেই বৃহস্পতিবার কালনা মহকুমা দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠককে সমস্যার সমাধান। স্বস্তির নিঃশ্বাস পড়ে সকলের। এদিন কারখানা মালিক পক্ষে নিশীথ ভৌমিক বলেন– আমরাও এই সিদ্ধান্ত মেনে নিয়েছি।
পূর্ববর্তী পোস্ট
