জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, পূর্বস্থলী, ২১ অগাস্ট ২০২০:
গ্রামের প্রবেশ ও বেরুনোর একমাত্র রাস্তাটা দীর্ঘদিন থেকে চরম বেহাল। ফলে চরম বিপাকে পড়েছেন গ্রামবাসী, বিশেষ করে কৃষক ও ছাত্ররা। গ্রামবাসীদের অভিযোগ বারবার আবেদন নিবেদন করেও হেলদোল নেই স্থানীয় গ্রাম পঞ্চায়েতের। সমস্ত স্তরের মানুষের বিপাকে পড়া এই গ্রামটির নাম হালতেচড়া। পূর্বস্থলী দু’নম্বর ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল। সামান্য বৃষ্টিতেই হাঁটু পর্যন্ত কাঁদা হয়ে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এই গ্রামে বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে যুক্ত। এই এলাকায় প্রচুর পরিমাণে পাট চাষ হয়। পাট নিয়ে দুর্ভোগের শেষ থাকে না। এই রাস্তা দিয়ে পাট আনা-নেওয়া করতে গিয়ে কৃষকের জীবনটাই এই রাস্তার মত বেহাল হয়ে পড়ে। মানুষ সাইকেল নিয়ে যেতে গিয়েও রাস্তার কাদায় পড়ে গিয়ে গড়াগড়ি খান। আর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের এই রাস্তা দিয়ে চলাফেরা করতে খুবই অসুবিধায় পড়তে হয়। এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ–বহুবার পঞ্চায়েতকে আবেদন নিবেদন করেও কোনো কোন লাভ হয়নি। তাই তাদের প্রশাসনের নিকট দাবি যথাশীঘ্র রাস্তাটির ঢালাই করে দিয়ে গ্রামবাসীদের একটু সুখ স্বাচ্ছন্দ ফিরিয়ে দেওয়া হোক।
