26/02/2026 : 2:09 PM
আমার দেশআমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

স্পর্শ না করে করে সাবান জলের ব্যবহার, মেকানিক্যাল ভেন্টিলেটর, ই-ক্লাসরুম সফটওয়্যার, স্বল্পমূল্যের নমুনা পরীক্ষার যন্ত্র, ভাইরাস ধ্বংসকারী মাস্ক ౼ কোভিড-১৯ বিজ্ঞানীদের এই সবকিছুই দ্রুত আবিষ্কার করতে বাধ্য করেছে বলে মনে করেন গবেষকরা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ১৩ সেপ্টেম্বর, ২০২০:


বর্ধমানের মেমারির ভিএম ইনস্টিটিউশন ইউনিট-২-এর দ্বাদশ শ্রেণীর ছাত্রী কুমারী দিগন্তিকা বসু, টমাস আলভা এডিশনের সেই বিখ্যাত আপ্তবাক্যটিতে বিশ্বাস করে। এই বয়সেই সে মনে করে কিছু উদ্ভাবন করতে গেলে প্রয়োজন কল্পনা এবং ফেলে দেওয়া জিনিষপত্র থেকেও কিছু আবিষ্কার করা যায়। প্রয়োজন থাকলেই উদ্ভাবনের জন্য তাগিদ গড়ে ওঠে, দিগন্তিকা এই কথাটি খুব বিশ্বাস করে। কোভিড – ১৯ অতিমারীর সময় সাধারণ মানুষের অ্সহায়তা দেখে সে জীবাণুকে এড়ানো যায় এমন মাস্ক তৈরি করে ফেলেছে। তার এই উদ্ভাবনকে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক স্বীকৃতি দিয়েছে। আইআইটি খড়গপুর, বৈদ্যুতিন শ্রেণীকক্ষের কথা ভেবে লো ব্যান্ডউইথ সফটওয়্যার ‘দীক্ষক’ উদ্ভাবন করেছে। এই ব্যবস্থায় একজন শিক্ষক স্ক্রীনের দিকে তাকিয়ে পাঠদান করবেন। সেই স্ক্রীনে একটি চ্যাটবক্স থাকবে, যেখানে ছাত্র-ছাত্রীরা তাদের প্রশ্ন রাখতে পারবে। ক্লাসে কারোর কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে সে যেমন হাত তোলে, এই ব্যবস্থাতে একটি ডাউটবক্স রয়েছে যেটি হাত তোলার উদ্দেশ্য সার্থক করবে। শিক্ষক – শিক্ষিকারা সাধারণ ক্লাসরুমের মতই এখানে বিভিন্ন নথি আপলোড করতে পারবেন, যেটি ছাত্র-ছাত্রীরা সহজেই পেয়ে যাবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অভিযানের অঙ্গ হিসেবে কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরো এবং চুঁচুড়ার রিজিওন্যাল আউটরিচ ব্যুরো যৌথভাবে একটি ওয়েবিনারের আয়োজন করে আজ। এই ওয়েবিনারে বক্তারা এই সব বিষয়গুলিতে আলোকপাত করেন। আইআইটি খড়গপুরের নির্দেশক অধ্যাপক ভি কে তেওয়ারী, দুর্গাপুরের সিএসআইআর – সিএমইআরআই-এর নির্দেশক অধ্যাপক (ডঃ) হরিশ হিরানী, বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালার নির্দেশক, শ্রী ভি এস রামচন্দ্রন, কল্যাণীর জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এর অ্যাসোসিয়েট প্রফেসর ডঃ বিশ্বরূপ নিয়োগী এবং দিগন্তিকা বসু উপস্থিত ছিলেন।

অধ্যাপক তেওয়ারী তাঁদের প্রতিষ্ঠানের কোভিড – ১৯ সংক্রমণ শনাক্ত করণের জন্য একটি যন্ত্র উদ্ভাবনের কথা-ও বক্তব্য রাখাকালীন জানান। এই যন্ত্রের সাহায্যে কম খরচে দেশের প্রান্তিক মানুষজন কোভিড সংক্রমণ শনাক্ত করতে পারবেন।

 

দুর্গাপুরের সিএসআইআর – সিএমইআরআই-এর অধিকর্তা অধ্যাপক (ডঃ) হিরানী জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান স্বল্পমূল্যের ত্রিস্তরীয় ফেসমাস্ক, রাস্তাকে জীবাণুমুক্ত করার জন্য বিশেষ ট্র্যাক্টর, মেকানিক্যাল ভেন্টিলেটর, স্পর্শ না করে সাবান জলের ব্যবহারের ব্যবস্থাপনা, হাসপাতালে সাহায্যকারী রোবট, সৌরশক্তিচালিত ইন্টেলিমাস্ট, ৩৬০ ডিগ্রী ঘুরতে পারে এরকম যন্ত্রের মাধ্যমে গাড়ি পরিস্কার ব্যবস্থাপনা, জুতোকে সংক্রমণ মুক্ত করার জন্য বিশেষ ধরণের ব্যবস্থাপনা, যান্ত্রিকভাবে নর্দমা পরিস্কারের ব্যবস্থাপনা উদ্ভাবন করেছে। এগুলির সাহায্যে সংক্রমণ শৃঙ্খল ভাঙ্গা যাবে।

শ্রী রামচন্দ্রন জানান, তাঁরা অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রির একটি পন্থা আবিষ্কার করেছেন। এছাড়াও, অ্যালকোহলমুক্ত আয়ুর্বেদিক প্রবেশ সুড়ঙ্গ, বিভিন্ন প্রদর্শনীর ক্ষেত্রে না স্পর্শ করে দেখার ব্যবস্থা, অতিবেগুনী রশ্মির সাহায্যে সংক্রমণমুক্ত করা, অনলাইনের মাধ্যমে সংগ্রহশালা ঘুরে দেখানো মতো বিভিন্ন জিনিস উদ্ভাবন করেছেন।

 

কুমারী বসু, ভাইরাস এড়ানোর বিশেষ মাস্ক তৈরি করা ছাড়াও ঘরে তৈরি স্বচ্ছ ফেসশিল্ড, কানের ওপর চাপ কমানোর যন্ত্র-সহ নানান উদ্ভাবন সামগ্রী উপস্থাপনা করে।

 

ড. নিয়োগী, করোনার মতো অতিমারীর সময় স্বয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্ত করার পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন। তাঁর নেতৃত্বে একদল গবেষক টাকা-পয়সা জীবাণুমুক্ত করার বিশেষ যন্ত্র , রেনকোটকে পিপিই-তে পরিণত করার বিশেষ উদ্ভাবনমূলক ধ্যানধারণা সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়েছেন।

 

এই ওয়েবিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পূর্বাঞ্চলের অতিরিক্ত মহানির্দেশিকা শ্রীমতি জেন নামচু উপস্থিত ছিলেন। কলকাতার প্রেস ইনফরমেশন ব্যুরোর মিডিয়া এবং কমিউনিকেশন অফিসার শ্রীমতী শ্রীজাতা সাহা সাহু এবং চুঁচুড়া ফিল্ড আউটরিচ ব্যুরোর ফিল্ড পাবলিসিটি অফিসার শ্রী সন্দীপন দাসগুপ্ত এই ওয়েবিনারটি সঞ্চালনা করেন।

Related posts

সিপিআইএমে মোহভঙ্গ ৫ দিনেই, আবার তৃণমূলে

E Zero Point

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার জন্য ভালো পুষ্টিকর খাবার প্রয়োজন

E Zero Point

আগমনীর হাসিতে মাতোয়ারা শিশুমন মগড়ায়

E Zero Point

মতামত দিন