জিরো পয়েন্ট নিউজ, এম.কে হিমু, মেমারি, ২২ সেপ্টেম্বর ২০২৪ :
এই পৃথিবীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। এককথায় বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রেখে থাকে। অথচ নগরায়ণ, অপরিকল্পিত উন্নয়ন আর যন্ত্র-প্রযুক্তির মোহে অযাচিতভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে। উজাড় হচ্ছে বন। ফলে দেখা দিচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, বাড়ছে উষ্ণায়ন আর মানবসভ্যতা পড়ছে ধ্বংসের মুখে।
দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো সামাজিক আন্দোলন ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। সরকারী ভাবে শুধু বৃক্ষরোপণ অভিযানই নয়, নিজ নিজ উদ্যোগে প্রত্যেক সচেতন মানুষকে সময়-সুযোগ বুঝে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। আর সেই কাজে এগিয়ে এসেছে পূর্ব বর্ধমান জেলার মেমারিতে সদ্য আত্মপ্রকাশ হওয়া স্বেচ্ছাসেবী সংস্থা সম্প্রীতি ঐক্য।
রবিবার সকালে মেমারি নতুন বাসষ্ট্যান্ডে দেশনায়ক নেতাজী মূর্তির পাশে বৃক্ষরোপনের মাধ্যমে এদিন কর্মসূচী শুরু করে সম্প্রীতি ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এছাড়াও এদিন বৃক্ষরোপন করা হয় মেমারি জামিয়া ইসলামিয়া প্রাঙ্গণে, ইছাপুর কবরস্থান, হাসপাতাল সহ অন্যান্যা জায়গায় প্রায় ৭০ টি চারা গাছ রোপন করা হয় এবং সুরক্ষার জন্য বেড়া দেওয়া হয়।
সম্প্রীতি ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সেখ আসরাফুল ইসলাম জানান, ১৫ অগাষ্টা স্বাধীনতা দিবসের দিন সম্প্রীতি ঐক্যের যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা হাসপাতালের রুগীদের সুষম খাদ্য স্বরুপ ফল বিতরণ কর্মসূচী নিয়েছি। শিক্ষক দিবসের দিন এলাকার বিশিষ্ট শিক্ষকের বাড়ি গিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। পুলিশ ডে তে মেমারি থানার পুলিশদের শুভেচ্ছা জানিয়েছি আমরা। বিভিন্ন সেবামূলক কর্মসূচী করায় আমাদের লক্ষ্য।




