জিরো পয়েন্ট নিউজ, এম.কে হিমু, মেমারি, ২১ সেপ্টেম্বর ২০২৪ :
প্রায় এক সপ্তাহ ধরে পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীন হাসপাতালের ইমারজেন্সি করিডরে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অসুস্থ অবস্থায় দেখা যায়। শীর্ণকায় শরীর বসতে পারছে না, নিম্নাঙ্গে পড়নে পোষাক খুলে যাচ্ছে, কথা বলতে পারছে না, সম্ভবত মানসিক ভারসাম্যহীন।
হাসপাতাল চত্বরে নিয়মিত আসা যাওয়া ব্যক্তিদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা গেল মেমারি থানার পুলিশ স্থানীয় এলাকার এক পথদুর্ঘটনা থেকে উদ্ধার করে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দিয়ে যায়। তারপর থেকে হাসপাতালে চিকিৎসা করা হলেও কখনও বেড থেকে নেমে যায় , মাটিতে শুয়ে থাকে। হাসপাতালের কর্মীরা হাসপাতালের খাবারও দেয় কিন্তু খাই না। এখন ইমারজেন্সি করিডরে একটি অস্থায়ী বেডে অথবা নীচে পড়ে থাকে।
এ প্রসঙ্গে শুক্রবার মেমারি গ্রামীন হাসপাতালের বিএমওএইচ ডা. দেবাশীষ বালা জিরো পয়েন্টের প্রতিনিধি কে জানান, অজ্ঞাত পরিচয় ব্যক্তির কোন খোঁজ পাওয়া না গেলেও হাসপাতালের চিকিৎসকরা তার ট্রিটমেন্ট করছেন। পুলিশকেও জানানো হয়েছে খোঁজ নেওয়ার জন্য।
ইমারজেন্সিতে আসা এক রুগীর আত্মীয় বলেন, ব্যক্তিটিকে দেখে খারাপ লাগছে কিন্তু তাকে হাসপাতালের ভিতরের ওয়ার্ডে রাখলে ভালো হয়। ইমারজেন্সি করিডর দিয়ে রুগীদের যাওয়া আসা, শীর্ণকায় ব্যক্তির নিম্নাঙ্গে পোষাক থাকছে না, অসুস্থ অবস্থায় পড়ে থাকছে কখনও বেডের উপরে তো কখনও নীচে তাই হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ ইমারজেন্সিতে আসা রুগী ও আত্মীয়পরিজনদের সুবিধার্থে এবং মানবিক স্বার্থে শীর্ণকায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিটিকে হাসপাতালের ভিতরের ওয়ার্ডে একটি বেডে পরিস্কার পরিচ্ছন্ন হাসপাতালের পোষাক পড়িয়ে রাখা হয়েছে, চলছে ট্রিটমেন্ট।
জিরো পয়েন্ট এর পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা-দর্শক-শ্রোতার কাছে মানবিক আবেদন করা হচ্ছে আপনাদের পরিচিত সামাজিক মাধ্যমে সংবাদটি শেয়ার করে অজ্ঞাত পরিচয় ব্যক্তির সন্ধান দেওয়ার জন্য।






