জিরো পয়েন্ট নিউজ – কুনাল চট্টোপাধ্যায়, জামালপুর, ৮ মার্চ ২০২৫ :
সারা বিশ্ব যখন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছে, তখন পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলার গ্রাম পঞ্চায়েতগুলিও। জেলার বিভিন্ন প্রান্তে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বিশেষ করে জামালপুর ব্লকের জামালপুর ২ গ্রাম পঞ্চায়েত এবং পাঁচড়া গ্রাম পঞ্চায়েত নারী দিবসকে ঘিরে একাধিক কর্মসূচির আয়োজন করে।
জামালপুর ২ পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মন্ডল এদিন কৃষি ক্ষেতে গিয়ে মহিলাদের হাতে মিষ্টি জল ও একটি করে গোলাপ তুলে দেন, সম্মান জানান তাঁদের কঠোর পরিশ্রমকে। তিনি বলেন, “এই মহিলারা শুধু নিজেদের পরিবারের নয়, সমাজেরও ভিত গড়ে তুলছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের কর্তব্য”।
অন্যদিকে, পাঁচড়া পঞ্চায়েত নারী দিবসকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ এক সচেতনতা প্রচারের আয়োজন করে। ছাত্রী, অঙ্গনওয়ারি কর্মী ও আশা কর্মীদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচার চালানো হয়। উপস্থিত বক্তারা বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করেন এবং সমাজকে এ বিষয়ে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান। মাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ পাকড়ে বলেন অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে সময় রাগে অল্পবয়সী মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। তিনি এই রেলির মাধ্যমে সচেতনতার বার্তা দিলেন।
এই উদ্যোগগুলোর মাধ্যমে পূর্ব বর্ধমানের গ্রাম পঞ্চায়েতগুলি দেখিয়ে দিল, নারী দিবস শুধু শহর কিংবা বিশ্ব পরিসরেই নয়, গ্রামাঞ্চলেও সমান গুরুত্বের সঙ্গে উদযাপিত হচ্ছে।




