31/07/2026 : 3:18 PM
কৃষ্টিবিনোদন

মেমারিতে আষাঢ়ে আড্ডা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ২৩ জুলাই, ২০২৫:


গত ১৯ শে জুলাই, ২০২৫, শনিবার, মেমারির ০৩ নং ওয়ার্ডের সুলতানপুরের রায়পাড়া অঞ্চলে অষ্টমবারের মতো আয়োজিত হয়ে গেল “আষাঢ়ে আড্ডা”। যাবতীয় সামাজিক ভেদাভেদ ভুলে, সমস্ত ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা, বয়স নির্বিশেষে এই বর্ষাকালীন সান্ধ্য আড্ডা মেমারিতে শুরু হয়েছিল ২০১৮ সালে, হাটপুকুর অঞ্চলের রয়্যাল একাডেমিতে। এই অষ্টম বর্ষে, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয় ও তা যথাসম্ভব বেশী মানুষের কাছে পৌঁছে দিতে সচেষ্ট ছিলেন বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

এই বছরের আড্ডা শুরু হয় আজাদ হিন্দ বাহিনীর মহান বিপ্লবী ও পরবর্তীতে বামপন্থী নেত্রী, পদ্মবিভূষণ লক্ষী সেহগলকে সম্মান প্রদর্শনের দ্বারা যেখানে তাঁর ছবিতে মাল্যদান করেন মহিলা সমিতির নেত্রী মায়া হাজরা। এরপর শিল্প ও সাহিত্যচর্চার মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয় যেখানে আমন্ত্রিত তথা উপস্থিত ছিলেন মেমারির বিশিষ্ট সংগীত শিল্পী ও প্রাক্তন এস এফ আই কর্মী সুমন চ্যাটার্জি, বিশিষ্ট সাহিত্যিক ডাঃ অভয় সামন্ত, বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও ক্রীড়াবিদ সুফী রফিক উল ইসলাম ও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মেমারি আঞ্চলিক কমিটির সভানেত্রী তন্দ্রা বসু। এরপর আলোচনা সভা শুরু হয় যেখানে বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষিকা মৈত্রেয়ী সিংহ রায় বক্তব্য রাখেন “তিলোত্তমা থেকে তামান্না, মহানগর থেকে মেমারি” বিষয়ে, মেমারি নাগরিক সমাজ-এর সভাপতি নবেন্দু গুহ বক্তব্য রাখেন “বৈষম্য, হিংসার রাজনীতি ও তার বিরুদ্ধে গণ ঐক্য” নিয়ে। বিশেষ অতিথি হিসাবে আগত সারা ভারত যুবলীগের হাওড়া জেলার সম্পাদক প্রীতম দাস বক্তব্য রাখেন “ক্রমহ্রাসমান কর্মসংস্থান ও নারী পুরুষ নির্বিশেষে ক্রমবর্ধমান বেকারত্বের সমস্যা” শীর্ষক বিশেষ আলোচনায় এবং আলোচনাসভা শেষ হয় মূল আলোচনা “বিপন্ন গণতন্ত্র ও বর্তমান ছাত্র যুব সমাজ” –র দ্বারা, যেখানে বক্তব্য রাখেন মুখ্য আলোচক, শিক্ষক আন্দোলনের বিশিষ্ট নেতা শশধর মিস্ত্রী। অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন সারা ভারত যুবলীগের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অর্ঘ্য বসু। উপস্থিত ছিলেন মেমারি ও আশেপাশের বিশিষ্ট মানুষজন ও স্থানীয় মানুষজন। সবশেষে, স্থানীয় মানুষজনের শিল্পচর্চার মাধ্যমে ও পরবর্তীতে এই আয়োজন আরো অধিক মানুষের মধ্যে পৌঁছানোর অঙ্গীকারের সাথে সমগ্র অনুষ্ঠান শেষ হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মেমারি চলচ্চিত্র উৎসবের উদ্যোক্তারা যাদের মধ্যে বিক্রম ধীর, সায়ক মজুমদার, রোহিত মণ্ডল, অর্ঘ্য বসু, অনিমেষ ঘোষদের নাম উল্লেখযোগ্য বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

Related posts

২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তিঃ জেনে নিন সেরা ছবি ও পরিচালকের নাম

E Zero Point

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – চতুর্থ পর্ব

E Zero Point

শততম জন্মদিনে ভানু বন্দোপাধ্যায়ের জীবনের পাতা থেকে

E Zero Point

মতামত দিন