আনোয়ার আলি, জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৩ জানুয়ারি ২০২৬ঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্বের কাজ সরেজমিনে খতিয়ে দেখতে শনিবার দুপুরে মেমারি ১ ব্লক অফিসে পরিদর্শনে এলেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকেরা। সূত্র মারফৎ জানা যায় ভারতের নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি বি সি পাত্র ও সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ এসআইআর শুনানি কেন্দ্রের কাজ পর্যবেক্ষণ করেন।

জানা যায় মেমারি-১ ব্লক বিডিও শতরূপা দাসকে সঙ্গে নিয়ে শুনানির ব্যবস্থাপনা, নথি যাচাই ও সার্বিক পরিবেশ নিয়েও খোঁজখবর নেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা। এমুনারেশন ফর্মে দেওয়া ভোটারের দেওয়া ছবির সাথে শুনানী কেন্দ্রে আাসা ভোটারের মিল আছে কিনা সে বিষয়েও খতিয়ে দেখার পাশাপাশি শুনানী কেন্দ্রে ভোটার ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন কিনা সে ব্যাপারেও নিশ্চিৎ হন তাঁরা। প্রায় এক ঘন্টা ধরে শুনানী কেন্দ্রের বিভিন্ন কক্ষে ঘুরে দেখেন ভারতের নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি বি সি পাত্র ও সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, রাজ্যজুড়ে এসআইআর শুনানি পর্ব যাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভুল ভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই এই সরেজমিনে নজরদারি ও পর্যবেক্ষণ।


