জিরো পয়েন্ট নিউজ মেমারি, নূর আহামেদ, ৬ সেপ্টেম্বর ২০২৬ঃ
বেআইনি চোলাই মদ বিক্রির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০ লিটার অবৈধ চোলাই মদ।পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে মেমারির নুদিপুর মোড়ে এক ব্যক্তি অবৈধ চোলাই মদ বিক্রির জন্য দাঁড়িয়ে রয়েছে—এমন একটি গোপন খবর পৌঁছায় পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে আটক করা হয়। এরপর তাঁর কাছে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২০ লিটার চোলাই মদ। মদ বাজেয়াপ্ত করার পাশাপাশি রাতেই তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম গণেশ হাঁসদা। তিনি মেমারি থানার অন্তর্গত কালসি ঘোষ পাড়ার বাসিন্দা। রবিবার ধৃতের বিরুদ্ধে আবগারি আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
