আলেক শেখ, কালনা, ২১ জুনঃ চরম বেহাল রাস্তা মেরামতের দাবিতে রবিবার গ্রামবাসীদের নিয়ে বিশেষ কর্মসূচি পালন করে যুবরা। ভারতে গণতান্ত্রিক যুব ফেডারেশনের কাটোয়া-২ আঞ্চলিক কমিটির উদ্যোগে এদিন তারা খানাখন্দে ভরা কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপন করে দেয়। ঘটনাটি ঘটে কাটোয়া-২ পঞ্চায়েত সমিতির পলসোনা গ্রাম পঞ্চায়েতের কোয়ারাডাঙ্গা গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ এই গ্রামের ডাঙ্গাপাড়া স্কুল থেকে বটতলা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দুই কিমি রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল। অভিযোগ ২০১৭ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও বিডিও নিকট মেরামতের জন্য লিখিত আবেদন-নিবেদন করেও কোন কাজ হয়নি। যার ফলে রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে উঠেছে। গ্রামের বড় বানুষরা হাঁটু পর্যন্ত কাদা মারিয়ে কোন রকমে যাতায়াত করলেও শিশু ও গর্ভবতী মায়েদের চলাফেরা করা একেবারেই সম্ভব হয়না। তাই শিশুদের পড়াশুনা একেবারেই বন্ধ। কোন অসুস্থকে ডাক্তারখানায় নিয়ে যেতে হলে তাঁকে খাটিয়া করে নিয়ে যেতে হয়। তাই এই রাস্তায় এদিন ধানের চারা রোপন ছাড়াও, এই কর্দমাক্ত রাস্তা দিয়ে মিছিল, মেন রাস্তায় গিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেয়– আয়োজক সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটি সহ সভাপতি অমিত মন্ডল, বাবর আলী শেখ, অমিত মুখার্জি প্রমুখ। তারা বলেন– আমরা প্রশাসনকে রাস্তা মেরামতের জন্য ১০ দিন সময় দিলাম, এর মধ্যে কোন পদক্ষেপ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো।
পূর্ববর্তী পোস্ট
পরের পোস্ট
