20/06/2026 : 10:21 AM
আমার বাংলা

পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট

জিরো পয়েন্ট নিউজ, বিশেষ প্রতিবেদন, ২০ জুন ২০২৬: উজ্জ্বল দাস


জুন মাসের ২০ তারিখ পশ্চিমবঙ্গ দিবস, একথা অনেকেরই অজানা। ২০২৬ বিধানসভা ভোটের পরবর্তীতে বাংলার রাজ্য রাজনীতির পরিবর্তন ও সরকার বদল আপামর পশ্চিমবঙ্গবাসীকে এই দিবস পালন করতে উৎসাহ দেওয়ায় মানুষ উৎসাহিত এবং মানসিক ভাবে প্রস্তুত হয়ে নানাবিধ তথ্য ও মতামত প্রকাশ করতে শুরু করেন।

 

“ভুল হয়ে গেছে বিলকুল

আর সবকিছু ভাগ হয়ে গেছে

ভাগ হয়নিকো নজরুল”

১৯৪৭ সালে ব্রিটিশ ভারত বিভক্ত হওয়ার আগে প্রশ্ন ওঠে অবিভক্ত বাংলা সম্পূর্ণভাবে পাকিস্তানে যুক্ত হয়ে যাবে কিনা।

সেই সময় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা ভাগের পক্ষে অন্যতম প্রধান রাজনৈতিক নেতা ছিলেন বলাই বাহুল্য। তাঁর বক্তব্য ছিলো, যদি গোটা বাংলা পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়, তাহলে বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চল ভারতের অংশ থাকবে না। তিনি পশ্চিমাঞ্চলকে পৃথক করে ভারতের অন্তর্ভুক্ত করার দাবিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

২০ জুন ১৯৪৭ সালে বাংলার আইনসভায় (Bengal Legislative Assembly) ভোটাভুটি হয়। আইনসভার হিন্দু প্রধান পশ্চিমাঞ্চলের প্রতিনিধিরা বাংলাকে বিভক্ত করে পশ্চিম অংশকে ভারতের অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট দেন। এই সিদ্ধান্তই পরবর্তীকালে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের গুরুত্বপুর্ন ভিত্তি তৈরি করে।

এই কারণেই অনেকের মতে ২০ জুন পশ্চিমবঙ্গের জন্মলগ্নের একটি ঐতিহাসিক দিন, এবং সেই প্রেক্ষাপটে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান স্মরণ করা হয় এবং অনেক বিতর্ক থাকলেও এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস বলে গ্রহণ করা হয় বা হওয়া যৌক্তিক বলে মনে করা হয়।

পশ্চিমবঙ্গ ভারতের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রাজ্য। এর রাজধানী কলকাতা, যা একসময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিলো। সাহিত্য, শিল্প, সংগীত, নাটক, বিজ্ঞান ও সমাজ সংস্কারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদান অনন্য ও মূল্যবান।

পশ্চিমবঙ্গ দিবসের এই শুভক্ষণে রাজ্যের সকল নাগরিকের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা। বাংলা তথা বাঙালি সমৃদ্ধ হোক। ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ আগামী প্রজন্মের কাছে আরও উজ্জ্বল হয়ে উঠুক, মননে জাগরণে আঁচড় কাটুক। এই হোক আমাদের প্রত্যাশা।

Related posts

কান্দিতে বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব পালন

E Zero Point

বর্ধমানের ক্ষুদে বিজ্ঞানীর মাস্ক আবিস্কার

E Zero Point

নতুনের স্বাদ সবাই পাক-বড়শুল কিশোর সংঘের মানবিক উদ্যোগ

E Zero Point

মতামত দিন