27/09/2026 : 1:57 AM
আমার বাংলা

ঐতিহ্যবাহী বিষকোপা গ্রামে মহাসমারোহে অনুষ্ঠিত হলো মা মনসার বাৎসরিক পুজো, ভক্তদের ঢল

জিরো পয়েন্ট নিউজ মন্তেশ্বর, মৃত্যুঞ্জয় যশ, ২৬ সেপ্টেম্বর ২০২৬:


​নিষ্ঠা, ভক্তি ও সাড়ম্বরে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি ২ নম্বর ব্লকের অন্তর্গত বিষকোপা গ্রামে অনুষ্ঠিত হলো শ্রী শ্রী মা মনসার বাৎসরিক পুজো। ভাদ্র মাসের পূর্ণিমা তিথি উপলক্ষে শনিবার সকাল থেকেই বিষকোপা গ্রামের ঐতিহাসিক মনসা মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

​গ্রামের প্রবীণ বাসিন্দা ও ইতিহাস সূত্রে জানা যায়, মেমারি ২ নম্বর ব্লকের বিজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই বিষকোপা গ্রামে প্রায় এক শতাব্দী পূর্বে মহামারী ও সাপের উপদ্রব দেখা দিয়েছিল। কলেরা এবং সর্পদংশনে প্রাণহানি রুখতে ও গ্রামকে রক্ষা করতে ১৩৩৩ বঙ্গাব্দে এই মনসা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় নারায়ণ চন্দ্র ঘোষ। সেই থেকে প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে নিয়মনিষ্ঠা মেনে দেবীর বাৎসরিক আরাধনা হয়ে আসছে।

​মন্দিরের পুরোহিত মানিক ভট্টাচার্য জানান, শনিবার সকাল থেকেই মন্দির চত্বরে বিশেষ পুজো, হোম যজ্ঞ ও অষ্টপ্রণাম অনুষ্ঠিত হয়। পুজোয় বলিদান প্রথাও প্রচলিত রয়েছে। পুজোকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন মাঠে বসেছে জমজমাট মেলা। আট থেকে আশি—সব বয়সের মানুষই উৎসবে মেতে উঠেছেন।

​পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় পুজো উপলক্ষে আয়োজন করা হয় যাত্রাপালার। আগামীকাল, রবিবার এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।

​এদিন পুজো ও হোম-যজ্ঞের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরোহিত মানিক ভট্টাচার্য, পুজো কমিটির সদস্য কুন্তল পান, দর্শন ক্ষেত্রপাল, কৃষ্ণ ঘোষ, বাপন ঘোষ, সুব্রত পান সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় গ্রামবাসী এবং দূর-দূরান্ত থেকে আসা অগণিত ভক্তবৃন্দ। গোটা গ্রাম এখন এই উৎসবের আনন্দে মুখরিত।

Related posts

বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডের উদ্বোধন

ezeropoint +91 7797331771

মুর্শিদাবাদে ব্লাক ফাঙ্গাসের থাবা

ezeropoint +91 7797331771

মেমারিতে চরম দুর্ভোগ রেল যাত্রীদের

ezeropoint +91 7797331771

মতামত দিন