জিরো পয়েন্ট নিউজ বর্ধমান, ৪ সেপ্টেম্বর ২০২৬:
বর্ধমানের মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ে স্টার্ট আপ ফাউন্ডেশনের উদ্যোগে এক মাসব্যাপী ‘আজাদি ফ্রম ওয়েস্ট’ শীর্ষক সচেতনতা প্রচারের সমাপ্তি হল। নতুন বর্জ্য ব্যবস্থাপনা আইন, ২০২৬ সম্পর্কে যুবসমাজকে সচেতন করা এবং দৈনন্দিন জীবনে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও দায়িত্বশীল ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তোলাই ছিল এই প্রচারের মূল লক্ষ্য।
প্রায় ২০টি কলেজ ও বেশ কয়েকটি স্কুলে পোস্টার তৈরি, বর্জ্য বিষয়ক কবিতা লেখা ও স্লোগান লেখার প্রতিযোগিতার মাধ্যমে কয়েক হাজার পড়ুয়াকে যুক্ত করা হয়। প্রচারে বর্জ্য সম্পর্কে প্রচলিত ধারণার বাইরে গিয়ে প্রাণিজ খাদ্য উৎপাদন ও প্রাণী পালনের ফলে তৈরি জৈব বর্জ্য, তা থেকে মিথেন গ্যাস নির্গমন, পরিবেশের উপর প্রভাব এবং প্রাণীকল্যাণের বিষয়েও সচেতনতা তৈরি করা হয়।
আয়োজকদের পক্ষে সন্দীপন সরকার জানান, গুসকরা মহাবিদ্যালয়, পোলবা মহাবিদ্যালয়, বর্ধমান রাজ কলেজ, তেহট্ট সদানন্দ মহাবিদ্যালয়, আসানসোলের বানওয়ারিলাল ভালোটিয়া কলেজ (বি.বি. কলেজ), বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ এবং উখড়িদের স্যার রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়ের অ্যানিম্যাল পিপল প্ল্যানেট ক্লাবের সদস্যরাও সক্রিয়ভাবে এই প্রচারে অংশ নেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজাধিরাজ উদয়চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আসরাফি খাতুন।
আয়োজকদের মতে, প্রতিযোগিতা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে তরুণদের সরাসরি যুক্ত করে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, প্রাণীকল্যাণ ও টেকসই জীবনযাপন নিয়ে সচেতনতা তৈরির এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে।



