জিরো পয়েন্ট নিউজ বর্ধমান, সেখ নূরুল হুদা, ১২ অগাষ্ট ২০২৬:
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব মন্ত্রকের সাহায্য নিয়ে ইন্ডিয়ান এয়ার ফোর্স দ্বারা পরিচালিত ৬৫ তম প্রাক সুব্রত কাপ ফুটবল প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ রাজ্য চ্যাম্পিয়ন হয়ে পূর্ব সাহাপুর হাই স্কুল জাতীয় পর্যায়ে নিউ দিল্লিতে আন্তর্জাতিক সুব্রত মুখার্জি কাপ খেলার ছাড়পত্র পেয়ে গেল। তাদের এই নজর কেড়ে নেওয়া সাফল্যের পথে প্রথমে তারা কালনা ২ জোন চ্যাম্পিয়ন হয়ে কালনা মহকুমায় চ্যাম্পিয়ন হয় এবং বর্ধমান স্পন্দন মাঠে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে ।
জেলাতে পূর্ব সাহাপুরের ছেলেরা বড়শুল সিডিপি হাই স্কুলকে পরাজিত করে ক্লাসটার পর্যায়ে প্রবেশ করে। উল্লেখ্য রাজ্যে জেলাগুলিকে নিয়ে তিনটি ক্লাস্টারে ভাগ করা হয়। ক্লাসটার পর্যায়ে কাঁথিতে তারা পুরুলিয়ার বাড়ি হাই স্কুলকে হারিয়ে রাজ্যস্তরে ওঠে ।গত ২-৫ ই আগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজ্যের সেরা আটটি টিমকে নিয়ে খেলা চলে।
সেখানে সেমিফাইনালে ঝাড়গ্রাম মানিকপাড়া উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। সেমিফাইনালে দুটি গোলই করেন শেখ ওয়াসিম। গত ৫ই আগস্ট ফাইনালে তারা দক্ষিণ কলকাতার চৌবাগা উচ্চবিদ্যালয় কে ২-১ গোলে হারিয়ে রাজ্য চ্যাম্পিয়ন হয়। দুটি গোলই করেন আকাশ দাস। রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী ১২ই সেপ্টেম্বর 2026 আন্তর্জাতিক সুব্রত কাপে অংশগ্রহণ করতে তারা দিল্লি যাচ্ছে। উল্লেখ্য জেলারই আরেক বিদ্যালয় রায়নার বামুনিয়া হাই স্কুল অনূর্ধ্ব 15 বিভাগের চ্যাম্পিয়ন না হলেও রাজ্যের তৃতীয় পজিশন পেয়ে তারাও পূর্ব বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করেছে।
পূর্ব সাহাপুর উচ্চ বিদ্যালয় এর সাফল্যের মুখ্য কারিগর হলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তথা কোচ কৌশিক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন সারা বছরের পরিশ্রমের ফল পেয়ে বিদ্যালয়ের অপর শিক্ষক শিক্ষিকার সঙ্গে তিনিও প্রচন্ড খুশি।। তিনি জানান তার বিদ্যালয় টিমের যথেষ্ট ‘ওয়েটেজ’ আছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল করার জন্য তারা আশাবাদী। তিনি জানান তার দলে অনূর্ধ্ব সতেরো ভারতীয় দলের গ্রুপ থেকেও দুজন খেলোয়াড় আছে এবং ইস্টবেঙ্গল জুনিয়র দলে খেলাও পাঁচ থেকে ছয় জন প্লেয়ার আছে।
তাদেরকে জোগাড় করে বিদ্যালয়ে ভর্তি করা এবং তাদেরকে সারা বছর পড়াশোনার পাশাপাশি খেলা চালিয়ে যাওয়ার পরিস্থিতিতে রাখা ও প্র্যাকটিস করানোর জন্য বর্ধমান ও হুগলির ফুটবল প্রশিক্ষক হিসেবে এবং ইস্টবেঙ্গল দলের সাথে যুক্ত পরিচিত নাম কৌশিক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাতে বিদ্যালয়ের সকলে গর্বিত। কৌশিক বাবুর কথা অনুসারে প্রধান শিক্ষক দেবাশীষ মুখোপাধ্যায়ের আন্তরিকতা ও সহযোগিতার জন্য তারা এতটা এগিয়ে যেতে পারছে । তিনি তাঁর প্রশংসাও করেন। যদিও প্রধান শিক্ষকের সাথে ফোনে যোগাযোগ করা যায়নি।
তার কাছে আগামী পরিকল্পনা ও প্র্যাকটিস নিয়ে জানতে চাইলে তিনি জানান কয়েকদিন আবাসিক ক্যাম্প করার জন্য শিক্ষা বিভাগ হো নানা প্রশাসনিক কর্তা ব্যক্তি সহ কালনা ও মেমারির এম এল এ গণের সাথে যোগাযোগ করা হচ্ছে। তিনি বলেন ভারতীয় প্রাক্তন ফুটবল কোচ অনন্ত ঘোষ এই ক্যাম্পে যোগ দেয়ার বিষয়ে সম্মত হয়েছেন।






