22/04/2026 : 7:02 PM
আমার বাংলা

গোবরডাঙ্গায় করোনার যোদ্ধা চিকিৎসকের ওপর মাঝরাতে হামলা,প্রতিবাদে সরব মানুষ

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২৭ অগাষ্ট, গোবরডাঙ্গা, ২০২০:


করোনা নিয়ন্ত্রণে ইতিমধ্যে সারা রাজ্যে পথ দেখিয়েছে গোবরডাঙ্গা পৌর এলাকা।আর সেই করোনা প্রতিরোধে যিনি সবার সামনে দাঁড়িয়ে লড়াই করছেন,তিনি হলেন পৌরসভার হেলথ অফিসার ডা. এন সি কর।নিজে গুরুতর অসুস্থ হওয়া সত্বেও বিগত পাঁচ মাস ধরে হাসিমুখে দিনরাত রোগীদের সেবা করে চলেছেন এই ডাক্তার।গত ৩০ দিনে দু দুবার তার উপর এবং তার বাড়ির উপর হামলা চালানো দুষ্কৃতীরা।ঘটনার আকস্মিকতায় ভীষণভাবে ভেঙে পড়েছেন ডাক্তার কর এবং তার পরিবারের সদস্যরা।এমনকি চাকরি ছেড়ে দেবার কথাও ভাবছেন এই করোনা যোদ্ধা।গোবরডাঙার একমাত্র এই ডাক্তারের উপর উপর্যপরি কেন হামলা হচ্ছে এ নিয়ে ইতিমধ্যে সন্দেহ দানা বাঁধছে সাধারণ মানুষের মধ্যে।গত মাসে মাঝরাতে হামলার বিরুদ্ধে তিনি স্থানীয় গোবরডাঙা থানায় অভিযোগ জানালেও কোন সুরাহা পাননি বলে আক্রান্ত ডাক্তার জানিয়েছেন।এই ডাক্তারের সুরক্ষার বিষয়ে স্থানীয় প্রশাসন উদাসীন বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে।গতকাল মাঝরাতে ১২.৩০ নাগাদ কিছু মানুষ ডাক্তার করের বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে এবং একটি শিশুর নাকের ভেতর কিছু একটা ঢুকেছে তার চিকিৎসা করতে হবে বলে দাবি করতে থাকে।ডাক্তার কর তখন ঘুমিয়ে ছিলেন।আক্রমণকারীরা চিকিৎসায় দেরি হচ্ছে এই অভিযোগ তুলে এলোপাথাড়ি ইটপাটকেল এবং সদর গেটের দরজা ভাঙতে শুরু করে।এমনকি ডাক্তার বাবুর বাড়ির সামনের আলো,সিসি ক্যামেরা ভেঙে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে।আক্রমণকারীরা সংখ্যায় ২০ থেকে ২৫ জন ছিল বলে জানা গেছে।আক্রমণকারীদের লক্ষ্য শুধুমাত্র আক্রমণ করা বলেই ডা. কর দাবী করেছেন।তার মতে, যদি সত্যি সত্যি চিকিৎসা পরিষেবা পেতে তারা আসতো,তাহলে রোগীর সঙ্গে দুই একজনের থাকার কথা।মাঝরাতে পুলিশকে খবর দেয়া হলে প্রথম অবস্থায় পুলিশ বাহিনী এলেও দুষ্কৃতকারীরা তাদের তাণ্ডব থামায়নি বলেই অভিযোগ উঠেছে। যদিও পরবর্তীকালে বিশাল পুলিশবাহিনী আসার পর দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চলে যায় বলে জানা গেছে।
গোবরডাঙ্গার বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বেচ্ছাসেবী ও গণ সংগঠন ডাক্তারের উপর এই হামলার তীব্র নিন্দা করেছেন।ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাক্তারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সিপিআইএম নেতৃবৃন্দ।বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের গোবরডাঙ্গা শাখার পক্ষ থেকে তাদের আজীবন সদস্য ডা. করের উপর এই হামলার ধিক্কার জানানো হয়েছে।গোবরডাঙ্গা হাসপাতাল বাঁচাও কমিটি ও গোবরডাঙ্গা নাগরিক কমিটিও চিকিৎসকের উপর এই হামলার নিন্দা করেছেন।তারা প্রশাসনের কাছে অবিলম্বে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবী করেছেন।পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।

Related posts

বর্ধমান শহরে ১১০ জন করোনা আক্রান্ত, পূর্ব বর্ধমানে ২৭৩

E Zero Point

প্রার্থী বদলে দাবী তৃণমূলেরও, বিক্ষোভ অবরোধ

E Zero Point

মশাবাহিত রোগমুক্তকরনে জামালপুরে গাপ্পি মাছ বিলি

E Zero Point

মতামত দিন