15/07/2026 : 11:26 PM
আমার দেশ

দোলে মাইক বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, ধারালো অস্ত্রে আহত ১৩, গ্রেফতার ৯

জিরো পয়েন্ট নিউজ, কুনাল চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান, ১৬ মার্চ ২০২৫ঃ


দোল উৎসবকে ঘিরে গোটা দেশে এক অশান্তির বাতাবরণ চলছে। সাম্প্রদায়িক হানাহানি এমনকি উত্তর প্রদেশের মত রাজ্যে রঙের হাত থেকে বাঁচতে মসজিদগুলো কাপড় দিয়ে মুড়িয়ে দেয়া হয়েছে। দোলকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটেছে ।দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হানাহানির ঘটনা না ঘটলেও পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রাম এলাকায় দোল উৎসব ও মাইক বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশী দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। ঘটনায় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে আহত হয়েছেন ১৩ জন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় দোল উৎসবের আনন্দ যখন চরমে, তখনই মাইক বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, তর্কাতর্কি থেকে হাতাহাতি, এরপরই তা রূপ নেয় সংঘর্ষে। উভয় পক্ষের লোকজন লাঠি, রড এবং ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। বেশ কয়েকজন গুরুতর আঘাত পান।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষের ঘটনার জেরে রাতেই ৯ জনকে গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়। এ প্রসঙ্গে জামালপুর থানার এক পুলিশ আধিকারিক জানান, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সে জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

স্থানীয়দের একাংশের দাবি, দোল উৎসবকে কেন্দ্র করে এলাকায় প্রতিবছরই ছোটখাটো অশান্তি হয়। কিন্তু এবার তা চরমে পৌঁছে যায়। অতিরিক্ত মদ্যপান, অসংলগ্ন আচরণ ও উৎসবের উচ্ছ্বাসের মধ্যে অনেকেই সংযম হারিয়ে ফেলে, যার জেরে সংঘর্ষ বাধে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দোল উৎসবে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহলদারি আরও জোরদার করা হবে। এছাড়াও, ভবিষ্যতে মাইক বাজানো সংক্রান্ত নিয়মাবলী আরও কঠোরভাবে মানার ব্যবস্থা নেওয়া হবে, যাতে এই ধরনের সংঘর্ষ এড়ানো যায়।

Related posts

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী

E Zero Point

স্থান ও কাল নিউট্রিনোর দোলনকে প্রভাবিত করে

E Zero Point

গ্রামীণ এলাকায় ডাক ঘরের জন্য ফাইভ স্টার ভিলেজ প্রকল্প

E Zero Point

মতামত দিন