15/04/2026 : 4:59 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গোষ্ঠীদ্বন্দ্বের কারনে তৃণমূল পার্টি অফিসে পড়লো তিনটি তালা

আলেক শেখ, কালনা, ১৮ জুলাইঃ


তৃণমূল পার্টি অফিসে পড়লো তিন তিনটি তালা। তবে পার্টি অফিস সুরক্ষার জন্য নয়, তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের কারনে। এমনই ঘটনা নজরে এসেছে– কালনা-২ ব্লকের পিন্ডিরা গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামে। তৃণমূল দলের দুই গোষ্ঠী এবং পুলিশ প্রশাসনের লাগানো তিনটি তালায় বেশ কিছু দিন ধরে বন্ধ হয়ে পরে আছে পার্টি অফিসটি। এলাকার বিধায়ক ও ব্লক সভাপতির মধ্যে দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে বলে মনে করেন দলীয় সমর্থকদের একাংশ। তারা বলেন–সাম্প্রতিক ইস্যুকে কেন্দ্র করে একই দিনে পৃথকভাবে কর্মসূচি পালন করেন বিধায়ক ও ব্লক সভাপতি।  সেই কর্মসূচিতে অংশগ্রহন করাকে কেন্দ্র করে  কাশিপুর গ্রামের দলীয় সমর্থকদের মধ্যে  দ্বন্দ্ব শুরু।  সেখানকার বুথ সভাপতিকে সরিয়ে দিয়ে নতুন বুথ সভাপতির আগমন।  অভিযোগ নতুন সভাপতি পুরানো তালা হটিয়ে দিয়ে পার্টি অফিসে নতুন তালা মারেন। পুরানো সভাপতির লোকজন পার্টি অফিস খুলতে এসে দেখেন নতুন তালা।  তারা সেই তালা খুলতে না পেরে তালার উপর পাল্টা তালা মারেন। এই তালা মারাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সম্মুখ সমরে নামার উপক্রম দেখা দেয়।  কালনা থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুই তালার উপর পাল্টা আর একটি তালা মেরে দেয় বলে অভিযোগ।  তিন তালার অটুট বন্ধনে পার্টি অফিসের সুরক্ষা বলয় সম্পুর্ন অটুট। সেখানে এখন পাখি গলার সম্ভবনা নেই।  পার্টি অফিসের তালা মারার ঘটনা স্বীকার করে নেন তৃণমূলের কালনা-২ ব্লক সভাপতি প্রণব প্রণব রায়। তিনি বলেন— ওখানে সামান্য মতবিরোধ আছে। আলোচনার মধ্য দিয়ে তা ঠিক হয়ে যাবে। সূত্রের খবর কাশিপুর গ্রামের পুরাতন বুথ সভাপতিকে ডেকেছিলেন কালনার পুলিশ প্রশাসন। পৃথকভাবে ডাকবেন নতুন সভাপতিকেউ। শেষে দুই সভাপতিকে এক টেবিলে বসিয়ে একটা মীমাংসার চেষ্টা করা হবে। তবে দলের একাংশ প্রশ্ন তুলেছেন– দলীয় নির্দ্দেশ হচ্ছে এখন কোন বুথ সভাপতিকে সরানো যাবে না।  তাহলে কাশিপুরের সভাপতিকে যিনি সরিয়েছেন, তিনি কি দলের উর্দ্ধে ?

Related posts

বর্ধমানে বাসে সংক্রমণ রোধে পলিথিনের পর্দা দুটি আসনের মাঝখানে

E Zero Point

রাজ্য সরকারের পাশাপাশি কান্দি পৌরসভার পক্ষ থেকে ১০হাজার টাকা করে চেক প্রদান

E Zero Point

আগমনীর হাসিতে মাতোয়ারা শিশুমন মগড়ায়

E Zero Point

মতামত দিন