সত্যনারায়ন সিকদার, মেমারি, ২৩ জুলাই :
পৃথিবী নামক গ্রহটি আজ নতজানু এক ক্ষুদ্রাতিক্ষুদ্র ভাইরাসের কাছে | করোনা নামক ভাইরাসটি রাজা উজিরের পেশিশক্তি কিংবা কোনও ধর্মীয় বিভাজনের বেড়া সে মানছে না | আগেই সরকার, স্বাস্থ্য দফতর চূড়ান্ত সতর্কতা জারি করেছিল | সে নিষেধ তুড়ি মেরে উড়িয়ে যথেচ্ছ বাড়ির বাইরে বেরনো, পার্টি, সামাজিক মেলামেশা চলেছে | এর ফলে প্রতিদিন রোগীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে | তবু রাজ্য সরকার এই রোগ নিয়ন্ত্রণে সপ্তাহে দুদিন পুনরায় লকডাউনের কথা ঘোষণা করেছেন | প্রশাসনের তরফ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে লকডাউন মেনে চলার |
তাই প্রশাসনের নির্দেশ মেনে, মেমারি ১ নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা রায় এবং পঞ্চায়েত সদস্য শেখ সাইন মাইক হাতে বেরিয়ে পড়লেন মানুষকে সচেতন করতে | পাড়ায় পাড়ায় গিয়ে তারা সরকারি নির্দেশকে মানুষের কানে তুলে দিচ্ছেন, যেমন সামাজিক দূরত্ব বজায় রাখা, কোনও জমায়েত এড়িয়ে চলা, মাস্ক পরা, হাত ধোওয়া ইত্যাদি ব্যক্তিগত সুরক্ষার কথা |
করোনা নামক মহামারিকে রুখতে গেলে সরকারের সাথে সাথে জনগণের সহযোগিতা দরকার | মানুষ যদি সচেতন না হয় তবে আগামী দিনে যে ভয়ঙ্কর বার্তা অপেক্ষা করে আছে তা বলার অপেক্ষা রাখে না | তাই ক’টা দিন একটু নিজের সঙ্গে নিজে কাটান | ভুলে যাওয়া গানের কলি, প্রিয় বই, শখের রান্না, বাগান পরিচর্যা, টিভি, ইন্টারনেট আর সাধের মুঠোফোন… এই ‘কঠিন’ পর্যায়টা পেরিয়ে গেলেই তো আসছে নতুন ‘ভোর’ | আগামী বসন্তকে আলিঙ্গন করার জন্যেই এ বসন্তকে ঘরে বসে উপভোগ করলে ক্ষতি কি!!
