14/04/2026 : 3:43 PM
আমার দেশ

৩০ কোটি ডোজ সরবরাহ করবে হায়দরাবাদের টিকা উৎপাদক সংস্থা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, দিল্লী, ৩ জুন ২০২১:


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড-১৯ টিকার ৩০ কোটি ডোজ আগাম সরবরাহের জন্য হায়দরাবাদের টিকা উৎপাদক সংস্থা মেসার্স বায়োলজিক্যাল-ই লিমিটেডের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছে। হায়দরাবাদের ওই সংস্থাটি আগামী আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই টিকা উৎপাদন ও সরবরাহ করবে। টিকা সরবরাহের জন্য স্বাস্থ্য মন্ত্রক হায়দরাবাদের সংস্থাটিকে আগাম ১,৫০০ কোটি টাকা মাশুল মেটাবে।


উল্লেখ করা যেতে পারে, বায়োলজিক্যাল-ই লিমিটেডের কোভিড-১৯ টিকার বর্তমানে তৃতীয় পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এই টিকার কার্যক্ষমতায় ইতিবাচক পরিণাম পাওয়া গেছে। বায়োজিক্যাল-ই লিমিটেড সংস্থাটির উদ্ভাবিত এই টিকায় আরবিডি প্রোটিনসমৃদ্ধ বিশেষ ধরনের উপাদান রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকা হাতে পাওয়া যাবে।


কোভিড-১৯ টিকাকরণ সম্পর্কিত জাতীয় বিশেষজ্ঞ কমিটির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ও অনুমোদনের পর স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বায়োলজিক্যাল-ই লিমিটেড সংস্থাকে ৩০ কোটি টিকা সরবরাহের প্রস্তাব দেওয়া হয়।
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে দেশেই টিকার উৎপাদনে উৎসাহিত করতে ভারত সরকারের উদ্যোগের অঙ্গ হিসেবে বায়োলজিক্যাল-ই লিমিটেড সংস্থা সরকারকে টিকার ডোজ সরবরাহের প্রস্তাব দেয়। টিকার ডোজ সরবরাহ খাতেই হায়দরাবাদের সংস্থাটিকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।


আত্মনির্ভর ভারত কর্মসূচির তৃতীয় পর্যায়ের অঙ্গ হিসেবে কোভিড-১৯ টিকার উৎপাদনের পরিমাণ বাড়াতে ভারত সরকার ‘মিশন কোভিড সুরক্ষা কর্মসূচি’র মাধ্যমে ভারতীয় কোভিড-১৯ টিকা উন্নয়ন মিশন গ্রহণ করেছে। এই মিশনের উদ্দেশ্য হল, সুলভে সমস্ত মানুষকে কোভিড-১৯ টিকাকরণ করা। এমনকি এই মিশনের মাধ্যমে আরও ৫-৬টি কোভিড-১৯ টিকার উদ্ভাবন ও উন্নয়নে সাহায্য করা হচ্ছে। এর মধ্যে কয়েকটি টিকার উদ্ভাবন ও ক্লিনিকাল ট্রায়ালে অনেক অগ্রগতি হয়েছে। সরকারের এই প্রচেষ্টার ফলে না কেবল কোভিড-১৯ টিকা উন্নয়ন ও উদ্ভাবনে গতি সঞ্চারিত হবে, সেইসঙ্গে দেশে কোভিড-১৯ টিকা উদ্ভাবনেও এক অনুকূল বাতাবরণ গড়ে উঠবে। পক্ষান্তরে, টিকা উৎপাদক সংস্থাগুলি আরও উৎসাহিত হবে।

Related posts

গুজরাটের জামনগরে, ‘সামাজিক অধিকারিতা শিবিরে’ আগামিকাল ৩৮০৫ জন দিব্যাঙ্গ ব্যক্তির হাতে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হবে

E Zero Point

আজাদি কা অমৃত মহোৎসবঃ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার নারী

E Zero Point

স্বর্ণশিল্পীদের কালা দিবস পালন মেমারিতে

E Zero Point

মতামত দিন