কবিতা
নীল আকাশের নিচে
মোঃ ইজাজ আহামেদ
নীল আকাশে সাদা মেঘের ভেলা
আমার মনে পড়ে তোমার কথা;
একদিন তুমি আর আমি
দাঁড়িয়েছিলাম পাশাপাশি
নীল আকাশের নিচে
আর সাদা মেঘের ভেলা পাড়ি দিচ্ছিল দিক-দিগন্তে
আমাদের মাথার উপর দিয়ে;
কল্পনায় সেই মেঘের ভেলায় চড়ে পাড়ি দিয়েছিলাম স্বপ্নের দেশে;
অনাবিল আনন্দে
বলেছিলাম হৃদয়ের অব্যক্ত কথাগুলো একে অপরকে;
দুধে আলতা শরীরে তুমি পরেছিলে আকাশি রঙের শাড়ি,
পরেছিলে হাতে আকাশি রঙের চুরি;
মনে হয়েছিল তুমি যেন নীল আকাশ আর সাদা মেঘময়
ফিরছিলাম সেই সুখের দেশ থেকে সুখের ভেলায়।♥
চোদ্দ
নির্মলেন্দু কুণ্ডু
পৃথিবীতে আছে জানো কোটি কোটি সংখ্যা
কারও কাছে আসানই সে, কেউ পায় শঙ্কা,
কিন্তু তলিয়ে দেখো, ভেবে হবে হদ্দ
একটু হলেও বেশি মান পায় চোদ্দ ৷
মনে পড়ে, বাল্মীকি লিখে যান কাব্য,
যুগ যুগ ধরে তা সকলেরই শ্রাব্য,
দশরথও শেষমেশ হয়ে অনুরুদ্ধ
শোনালেন রাম যান বনে সন চোদ্দ ৷
তারপরে ভেবে দেখো ফি-সন এ’ দেশে
যদিও জানি না কোন্ শাস্ত্রের আদেশে,
পূর্বজ এসে যান চিনে ঠিক পথ তো
রাস্তা চিনিয়ে আনা প্রদীপও তো চোদ্দ ৷
চারিদিকে দীপ জ্বলে এলে দীপাবলি
হঠাৎই অচেনা ঠেকে খুব চেনা গলি,
তার আগে মনে করে না নিলেই জব্দ
গিন্নি ব্যাজার মুখে খোঁজে শাক-চোদ্দ ৷
চারিদিকে যদি দেখো প্রেম-প্রেম গন্ধ
কে যে কচি, কে বা বুড়ো, দেখে লাগে ধন্দ,
পিরিতিরই কথা বলে কবিতা ও গদ্য
বুঝে যাবে, তারিখটা ঠিক ফেব-চোদ্দ ৷
যদি তুমি করে ফেলো অপরাধ মস্ত
আইনের ধারাপাতে লেখা আছে স্পষ্ট
আজকাল জানোই তো কেউ নয় বধ্য
তাই জেলে ঠেলে দেবে বচ্ছর চোদ্দ ৷
এ বছর হঠাৎই এল নতুন অতিথি
( গেলে বাঁচি, ওর প্রতি মোটে নেই প্রীতি)
পৃথিবী জুড়েই আজ হল শুরু যুদ্ধ
নিজেকে সরিয়ে নাও ঠিক দিন চোদ্দ ৷
এতদিন জানতাম আনলাকি থার্টিন,
আজ দেখি দুম করে বদলে যে গেছে সিন,
মূল্যটা কার বেশি, নয় দুর্বোধ্য
কোটি সংখ্যার মাঝে সবেধন চোদ্দ ৷♥
রবিবারের আড্ডায় লেখা পাঠাতে হলে zeropointpublication@gmail.com
ইমেইল এড্রেসে টাইপ করে পাঠান। অবশ্যই লেখাটি অপ্রকাশিত হতে হবে।
পাঠকের মতামত লেখক ও প্রকাশকের পাথেয়,
তাই অবশ্যই নীচের কমেন্ট বক্সে মন্তব্য করুন ও শেয়ার করুন
