শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতির উদ্যোগে ৫ জন যক্ষ্মা রোগীকে আগামী ৬ মাসের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও এদিন মেমারি গ্রামীন হাসপাতালে আগত রোগী ও আত্মীয় পরিজনদের জন্য একটি বিশুদ্ধ পানীয় জলের যন্ত্র প্রদান করা হয়।
মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল মল্লিক, সেখ মনিরুল ইসলাম, সেখ নূর হোসেন, সেখ সেলিম, সেখ কামাল, মেমারি গ্রামীন হাসপাতালের হেড ক্লার্ক সৌমিত্র গাঙ্গুলী, যক্ষ্মা বিভাগের আধিকারিক অভিষেক ব্যানার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আব্দুল হাকিম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ মহঃ মহসিন সহ অন্যান্যরা।
এদিন মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতির পক্ষে মোস্তফা কামাল মল্লিক বলেন, প্রত্যেক জীবের প্রতি দয়া পদর্শন করা আমাদের প্রত্যেকেরই পরম কর্তব্য। কেননা জীবসেবা করলেই প্রকারান্তরে স্রষ্টার সেবা করা হয়। প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং তাদের ভালোবাসলে, তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। এ জন্যেই স্বমী বিবেকানন্দ বলেছেন- “জীবে প্রেম করে যেই জন / সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব। আর সেই মানবসেবাই মেমারি নির্মাণ কর্মী কল্যাণ সমিতির মূল লক্ষ্য।
তিনি আরও জানান সংগঠন যেমন সদস্যদের সুখ দুঃখে পাশে থাকবেন তেমনই সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবে। এদিনের কর্মসূচীর মাধ্যমে সেই পথ চলা শুরু হলো। আগামীতে অক্ষম রোগীদের স্থানান্তরের জন্য হুইল চেয়ার প্রদান করা হবে।





