জিরো পয়েন্ট নিউজ, জামালপুর, ২৩ ডিসেম্বর ২০২৪ :
একদিকে বিজেপির কর্মসূচিতে বিশৃংখলা অপরদিকে সুশৃঙ্খল তৃণমূলের মিছিলে জনজোয়ার। কয়েকদিন আগেই রাজ্যসভায় সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে কটূক্তি করেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী। তারই বিরোধিতা করে আজ রাজ্যের সমস্ত ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
সোমবার পূর্ব বর্ধমানের জামালপুরে মাত্র কয়েকঘন্টা প্রস্তুতিতে ব্লক সভাপতি মেহেমুদ খানের নেতৃত্বে সেই মিছিলই জনজোয়ারে পরিণত হয়। হালারা বিপত্তারিনী তলা থেকে এই মিছিল শুরু হয়ে জামালপুর বাজার হয়ে জামালপুর ব্রিজের কাছে শেষ হয় এবং সেখানেই একটি পথসভা করা হয়।
সোমবারের এই মিছিলে পা মেলান সাংসদ ডা শর্মিলা সরকার, জেলা পরিষদের সভাধীপতি শ্যামা প্রসন্ন লোহার, বিধায়ক অলক কুমার মাঝি,ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের দুই সদস্যা কল্পনা সাঁতরা ও শোভা দে সহ সমস্ত শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান, উপ প্রধান সহ মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
মিছিল থেকে স্বরাষ্ট্র মন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বলেন অমিত শাহ শুধু মাত্র বাবা সাহেব আম্বেদকর কেই নয় সমগ্র দলিত সম্প্রদায়কেই অপমান করেছেন। সাংসদ শর্মিলা সরকার বলেন মাত্র কয়েকঘন্টার প্রস্তুতিতে এই জনজোয়ার প্রমাণ করে মানুষ কার সঙ্গে আছে। তিনি আরো বলেন মোদিজী আর অমিত শাহজি ওনারা ক্ষমা চাইতে জানেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস সেটা জানে ভুল করলে সেটা স্বীকার করে ক্ষমা চাইতে। বিধায়ক স্বরাষ্ট্র মন্ত্রীর এই কথার তীব্র বিরোধিতা করেন।
এদিন তৃণমূলের কর্মসূচির সাথে বিজেপির ও একটি কর্মসূচি ছিল সদস্য সংগ্রহ অভিযান। যা জামালুরের পাঁচড়ায় একটি লজে হয়। সেই কর্মসূচিতে আজ যোগ দেন মিঠুন চক্রবর্তী। সেখানে বিশৃংখলা দেখে সভা ছেড়ে চলে যাওয়ার ঘটনায় ব্লক সভাপতি বলেন এটা বিজেপির সংস্কৃতি। সামান্য দু তিনশ লোক তাতেই বিশৃংখলা। জামালপুর শুধুই মমতাময়। আজকের এই মহামিছিলে প্রায় ২০ থেকে ২৫ হাজার কর্মী সমর্থক পা মেলান যা আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে স্বস্তিতে রাখবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





