16/04/2026 : 6:13 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে || e-জিরো পয়েন্ট – শ্রাবণ ১৪২৭

কবিতা


এক পশলা বৃষ্টি

✒ ক্যামেলিয়া সরকার

আজ নীল ঢেকেছে কৃষ্ণ মেঘে
শীতল হাওয়ার টান,
আলুথালু ঘরের কোণে
মিথ্যে অভিমান ।

পর্দাগুলো দামাল আজ
ভীষণ রকম জেদ,
ছিঁড়বে আজ সকল বাঁধন
রাখবে না আর খেদ ।

মনের ঘরে বন্ধ দুয়ার
দিব্যি আছি বেশ,
হাতখোঁপা আর ত্রস্তপায়ে
ভুলিয়ে দেওয়ার রেশ ।

এক পশলা বৃষ্টি এলো
আলগোছে চোখ বুজি,
মণিকোঠার অন্তরালে
বাঁচার মানে খুঁজি ।????️


শ্রাবণ মেঘের মায়া

✒  রতন নস্কর

শ্রাবণের ছবি আকাশ জুড়ে বৃষ্টি মেলেছে পাখা
আকাশের গায় বাদল মেঘে স্নেহের পরশ মাখা ।
ঝিরিঝিরি ঝরে পৃথিবীর পরে নেচে ওঠে মন প্রাণ
আমি ভালোবাসি বকুল গন্ধ বৃষ্টি মেয়ের গান ।

নিঝুম দুপুরে ঝমঝম সুরে বৃষ্টিরা ছুটে আসে
মাঝেমাঝে রোদ খেলেলুকোচুরি প্রেমিকের মত হাসে।
দুলে দুলে ওঠে শাপলা শালিক গাছের নবীন পাতা
উদাসী কিশোর নৌকো বানায় ছিঁড়েনেয় সাদাখাতা

ভুবন জুড়ে খুশির ঝরনা কিষাণের মুখে হাসি
কোথাও আবার বাঁধভাঙা জল মানুষ হয় বানভাসি।
তবুও শ্রাবণ কিশোরীর মনে সোনালি স্বপ্ন আঁকে
সজল সন্ধ্যায় বাঁশি কে বাজায় বারেবারে তাকে ডাকে।

গহীন রাতে বাজের শব্দে ভয়ে কেঁপে ওঠে বুক
বধূটি পাশে স্বামীর বুকে লুকায় সলাজ মুখ ।
শ্রাবন রাতে আধোজোছনায় মায়া চাঁদ জেগে থাকে
রজনীগন্ধার মেদুর গন্ধ জোনাকিরা জ্বলে শাখে ।

শ্রাবণধারায় মনেপড়ে যায় তুমি করেছিলে আড়ি
আমার কন্ঠে মান্না কিশোর তুমি কামরাঙা শাড়ি ।
স্বপ্নকুসুম দিনগুলি নেই মনে আছে তার ছায়া
হৃদয়কুটিরে স্মৃতিমুকুলিকা শ্রাবণ মেঘের মায়া ।????️

◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆

Related posts

কবিতাঃ হে মানুষ মানবিক হও

E Zero Point

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার নজরুল জয়ন্তী

E Zero Point

কবিতঃ জম্পেস জামাই

E Zero Point

মতামত দিন